আগামী ৯ জুন সংসদে নতুন অর্থবছরের (২০২২-২৩) বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয়কে প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে এই তথ্য জানা গেছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বরাবরের মতো এবারও বাজেট পেশের দুই বা তিন দিন আগে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধান অনুয়ায়ী বাজেট অধিবেশন আহ্বান করবেন। প্রস্তাবিত বাজেট ৩০ জুনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে।
প্রসঙ্গত, গত বছর ৩ জুন চলতি অর্থবছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগের দিন ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, অন্যবারের মতো এবারও বিভিন্ন মহলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ও পেশাজীবীদের মতামত জানতে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আলোচনা হয় বিভিন্ন জেলা ও বিভাগের চেম্বারের নেতাদের সঙ্গেও।
অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু হয় এবং ২০ মার্চ আলোচনা শেষ হয়। শতাধিক ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত হয়ে তাদের দাবি-দাওয়া পেশ করেন।
করপোরেট করের হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, ব্যক্তি শ্রেণির করদাতার ন্যূনতম তিন লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আয়কর ও মূসকের আওতা বাড়ানো, সব রপ্তানি খাতকে সমান সুবিধা দেওয়া, বিকল্প বিরোধ নিষ্পত্তি জোরদার করা, টার্নওভার কর ফিরিয়ে আনা, ভ্যাট আইন সংশোধন করে বাস্তবসম্মত করাসহ বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে দাবি এসেছে।
