কক্সবাজারের উখিয়া উপজেলায় বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ মো. বখতিয়ার (৪২) নামে এক আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী পূর্ব ফাঁড়ির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার রাত আড়াইটার দিকে পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে বখতিয়ারকে ৮০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। তাকে হ্যান্ডকাফ পরিয়ে ক্যাম্পে নেওয়ার পথে স্থানীয় নারী-শিশুরা বিজিবি টহল দলের ওপর পাথর ও ইট ছুড়ে মারে। এ সময় অর্ধশতাধিক নারী বিজিবি সদস্যদের হাত ও শরীর কামড়ে ক্ষতবিক্ষত করে। এরই সুযোগে বখতিয়ার ইয়াবাসহ পালিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন জানান, খবর পেয়ে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে গতকাল বেলা ৩টার দিকে টেকনাফে অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ আবদুল মালেককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হ্নীলা ইউপির নাটমোরাপাড়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান।
