স্মার্টফোন উৎপাদনের মাধ্যমে ডিজিটাল ডিভাইস উৎপাদক থেকে রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এখন বিশ্বে ডিজিটাল মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আর ২০২৫ সাল নাগাদ প্রযুক্তিশিল্প থেকে ৫ বিলিয়ন রপ্তানি আয় এবং ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য পূরণে ‘উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ’ গড়ার এই মিশনে নেতৃত্ব দেবে সিম্ফনি। অদূর ভবিষ্যতে দেশের এই প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজির মতো সফল গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে। সম্প্রতি সাভারের আশুলিয়ায় দেশের অন্যতম মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিম্ফনির কারখানা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এমন আশাবাদের কথা ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে সিম্ফনির নতুন স্মার্টফোন জেড৪২ মডেলের হ্যান্ডসেট উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী। ফোনের সঙ্গে সঙ্গে নিজস্ব মোবাইল গেম ও নিজস্ব অ্যাপ থাকায় এর প্রশংসা করেন পলক। এই উদ্যোগগুলো উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যাবে বলে মত ব্যক্ত করেন তিনি।
সিম্ফনির মানবসম্পদ বিভাগের প্রধান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহীদ, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মেজর আবদুল মালেক মিয়াজী, সিম্ফনির শুভেচ্ছাদূত শবনম বুবলী এবং মার্কেটিং এজেন্সি পিংকের ব্যবস্থাপনা পরিচালক নায়ক রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
