বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে পুত্রবধূ। নিহতের নাম নাজনীন বেগম (৫০)। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুত্রবধূ লাবণ্য আক্তারকে (২১) আটক করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
নিহতের ভাশুর মো. কালাম হাওলাদার বলেন, বুধবার রাতে নাজনীনের ছেলে উজ্জ্বল ফোন দিয়ে জানায় তার মা ফোন রিসিভ করছে না। আমি ঘরের সামনের দরজা বন্ধ দেখে পেছনের খোলা দরজা দিয়ে ঢুকেই চৌকির পাশে মশারিতে প্যাঁচানো রক্তাক্ত অবস্থায় নাজনীনের লাশ দেখতে পাই। পরে পুলিশকে জানাই।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, স্থানীয়দের বরাতের ভিত্তিতে লাবণ্যকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মশারির মধ্যে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাই। এ সময় লাবণ্যের রক্তমাখা লুকানো জামা উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ সার্কেলের এএসপি সুদীপ্ত সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে ঘুমন্ত ওই নারীকে। পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করেই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না সেটি তদন্তে উঠে আসবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার জানান, নিহত নাজনীনের সঙ্গে তার পুত্রবধূ লাবণ্যর সম্পর্ক ভালো ছিল না। এ নিয়ে তিনি সালিশ-বৈঠকও করেন।
স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল হাওলাদারের স্ত্রী লাবণ্য আক্তার শাশুড়ির সঙ্গে এক ঘরেই বসবাস করত। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। তারা দুই ভাই ঈদ শেষে ১০ মে ঢাকায় ফিরে যান।
