গাড়ি দুর্ঘটনায় অস্ট্রেলীয় ক্রিকেটার সাইমন্ডসের মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২২, ০১:৪৩ এএম

শেন ওয়ার্ন ও রড মার্শের মৃত্যুর পর অস্ট্রেলিয়ার ক্রিকেটে এটি আরেকটি শোকাবহ ঘটনা ঘটেছে। দুই বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যার দিকে নিজ শহরে ব্যক্তিগত গাড়ি চালানোর সময় তা গড়িয়ে রাস্তা থেকে পড়ে যায়। পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

১৯৭৫ সালে ইংল্যান্ডে জন্ম হলেও সাইমন্ডস বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলাকে বেছে নেন। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস, পরের দিকে স্পিন বোলিং করতেন। ১৯৯৮ সালে অভিষিক্ত সাইমন্ডস ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৬টি টেস্ট, ১৯৮টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৬ হাজার ৮৮৭ রান ও ১৬৫টি উইকেট এই অলরাউন্ডারের। অস্ট্রেলিয়ার ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত