পদ্মা সেতু নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হত্যার হুমকির শামিল। তাদের ভাষ্য, যারা ‘সুস্থ’ চিন্তাভাবনা করে তারা কখনো এমন কথা বলতে পারে না। তারা ভবিষ্যতে প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে শ্রমিক দলের আয়োজিত এক সভায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পদ্মা সেতুর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে আমি বিস্মিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। একটি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে যে রয়েছেন, তিনি যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, এ ধরনের উক্তি বলতে পারেন না। পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া, এটা কখনো একটা স্বাভাবিক ব্যাপার হতে পারে না। আমরা এ রকম অরাজনৈতিক, অশালীন বক্তব্য আমরা কেউ কখনো আশা করতে পারি না। কিন্তু উনার স্বভাবই এটা। উনি এভাবেই কথা বলেন এবং এভাবেই তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে অশালীন ভাষায় কথা বলেন, আচরণ করেন। এটা রাজনৈতিক কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না।’
ফখরুল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে, এ ধরনের একটি নেতৃত্ব জাতি আজকে সহ্য করছে। তিনি ইদানীং যেসব কথাবার্তা বলে বেড়াচ্ছেন, এটি পুরোপুরি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, স্বাধীনতা সবকিছুর বাইরে, ভদ্রতার বাইরে কথাবার্তা বলছেন। এ কথাটা বলার অর্থই হচ্ছে তিনি একটি হুমকি দেওয়ার মতো। এটা কল্পনাও করা যায় না।’
ওই সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামন-উর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর করিমসহ দলের নেতাকর্মীরা।
এদিকে গতকাল বিকেলে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তিনি এখন নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন। তার কথাবার্তা তো একটু শালীন ও ভদ্র হওয়া দরকার। কিন্তু প্রধানমন্ত্রীর কথা যদি গু-া-পাণ্ডা ও হিংস্র সন্ত্রাসীর মতো হয় তখন কেমন লাগবে? এটা তো ভালো লাগার কথা না। তাহলে দেশ কারা চালাচ্ছে? আমরা তো সব সময় বলছি এ দেশ লুটেরারা ও মাফিয়ারা চালাচ্ছে। মাফিয়াদের কথা হলো তাই।’
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব খন্দকার এনামুল হক এনামসহ অনেক নেতাকর্মী।
