লিভারপুলের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। রবিবার ইতিহাদে ম্যাচের ৬৯ মিনিটের মধ্যে সিটি হজম করে দুই গোল। ম্যাচে ৭৬ থেকে ৭৮ মিনিটের মধ্যে দুই গোলে সমতায় ফেরে সিটিজেনরা। ৮১ মিনিটে তৃতীয় গোলে সমর্থকদের আনন্দে ভাসান ইকাই গুনদোয়ান। ৬ মিনিটের ঝড়ে শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে শিরোপাও নিজেদের করে নেয় পেপ গার্দিওলার সিটি। এটি সিটির অষ্টম লিগ শিরোপা। শেষ পাঁচ মৌসুমের চারটি জিতল তারা।
সিটি যখন দুই গোলে পিছিয়ে ছিল সেই সময় অ্যানফিল্ডে লিভারপুল ও উলভসের ম্যাচ ১-১ সমতায় ছিল। পরে লিভারপুল ওই ম্যাচে ৩-১ গোলে জয় পেলেও লাভ হয়নি। ১ পয়েন্টের ব্যবধানে শিরোপা ঘরে তুলেছে সিটি (সিটি ৯৩, লিভারপুল ৯২)। লিগ শিরোপা সিটি জেতায় লিভারপুলের মৌসুমে কোয়াড্রপল (চার শিরোপা) জেতা হলো না। তবে ট্রেবল জয়ের সম্ভাবনা এখনো আছে তাদের। সেটি করতে হলে জিততে হবে চ্যাম্পিয়নস লিগ। অ্যাস্টন ভিলার মূল একাদশে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ছিলেন না চোটের কারণে। তার জায়গায় খেলা সুইডিশ গোলকিপার রবিন ওলসেনের এটি ছিল প্রথম ম্যাচ। ভিলার হয়ে ৩৭ মিনিটে ম্যাটি ক্যাশ এবং ৬৯ মিনিটে গোল করেন কুতিনহো। সিটির মাঠ ইতিহাদে তখন নিস্তব্ধতা! কিন্তু তখনো রোমাঞ্চকর ৬ মিনিট বাকি ছিল। ৬৮ মিনিটে বার্নার্দো সিলভার জায়গায় জার্মান মিডফিল্ডার গুনদোয়ানকে মাঠে নামিয়েছিলেন গার্দিওলা। ওই সিদ্ধান্তেই শিরোপা সিটির ঘরে। ৭৬ ও ৮১ মিনিটে গোল করেন গুনদোয়ান। মাঝে ৭৮ মিনিটে সমতাসূচক গোলটি করেন রদ্রি। শেষ রাউন্ডে টটেনহ্যাম নরউইচকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিত করে। ষষ্ঠ হয়ে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
একই দিনে শিরোপা নিষ্পত্তি হয়েছে ইতালিয়ান লিগে। শেষ রাউন্ডের আগে দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ইন্তার মিলানের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিল এসি মিলান। ফলে স্কুদেত্তা জয়ের জন্য সাসুলোর সঙ্গে ড্র করলেই হতো এসি মিলানের। ম্যাচটি মিলান ৩-০ গোলে জিতেছে। তাতে ১১ বছর পর লিগ শিরোপা জিতল মিলান।
