শেষ ৬ বছরে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগ জিতল ম্যানচেস্টার সিটি। তবে সবশেষ লিগটা অবশ্য সহজে আসেনি সিটিজেনদের। শেষ দিনে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত। এরপরই পাঁচ মিনিটে তিন গোলে ম্যাচের রঙ বদলে শিরোপা উৎসবে মাতে সিটি। কোচ পেপ গার্দিওলা মজার ছলে জানালেন, এমন প্রত্যাবর্তনের গল্প তার দল লিখেছে ফোনকলে রিয়াল মাদ্রিদের দারুণ পরামর্শ নিয়েই!
কী সেই পরামর্শ! গার্দিওলা বললেন, ‘আমি রিয়াল মাদ্রিদে ফোন করেছিলাম। তারা আমাকে দারুণ পরামর্শ দিয়েছে।’ গার্দিওলার এই উক্তির কারণ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য সব পারফরম্যান্স। নকআউটের প্রতিটি পর্বেই রিয়ালকে চোখরাঙানি দিয়েছে বিদায়ের শঙ্কা। পিএসজি, চেলসি ও সবশেষ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটির বিপক্ষেই অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিগে রিয়াল পাড়ি দিয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে।
প্রিমিয়ার লিগে সিটির শ্রেষ্ঠত্বটা আরেকটু পরিষ্কার হয় লিভারপুলের দিকে তাকালে। শেষ চার মৌসুমে এই নিয়ে তৃতীয়বার অল রেডরা মৌসুম শেষ করল ৯০-এর বেশি পয়েন্ট নিয়ে। এর মধ্যে আবার ২০১৭-১৮ মৌসুমে ৯৭ পয়েন্ট, আর চলতি মৌসুমে ৯২ পয়েন্ট নিয়েও লিগ জেতা হয়নি লিভারপুলের। দুবারই শিরোপা জিতেছে গার্দিওলার অতিমানবীয় সিটি। দলটির কাতালান কোচের মতে, তাই তার দলের সবাই ইতিমধ্যেই কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গেছেন। সংবাদ সম্মেলনে গার্দিওলা বললেনÑ ‘আমরা কিংবদন্তি, মানুষজন আমাদের সব সময়ই স্মরণে রাখবে। এই খেলোয়াড়রা ইতিমধ্যেই ক্লাবের ইতিহাসে অমর হয়ে গেছে।’ এভাবে লিগ জেতার মাহাত্ম্যটা গার্দিওলা মনে করিয়ে দিলেন আরও একবার। বললেন, ‘আমরা যা করেছি, তা খুবই কঠিন। স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে বহু বছর আগে করেছিলেন, দুই-তিন বারের মতো। সেটা মনে পড়লেই এই শিরোপার বিশালত্বটা আন্দাজ করা যায়।’
গার্দিওলা নিজেও পৌঁছে গেছেন নতুন এক উচ্চতায়। বায়ার্ন মিউনিখ থেকে ২০১৬ সালে তিনি সিটির দায়িত্ব নেন। তার হাত ধরে চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে চারটি শিরোপাজয়ী বিদেশি কোচদের মধ্যে গার্দিওলাই সেরা। ছাড়িয়ে গেছেন আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার ও চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে। গার্দিওলার সমান চারবার চ্যাম্পিয়ন হয়েছেন স্কটিশ (ব্রিটিশ দ্বীপপুঞ্জ) কেনি ড্যালগ্লিশ। এছাড়া গার্দিওলার ওপরে যারা আছেন, তাদের সবার জন্ম ব্রিটিশ দ্বীপপুঞ্জে। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রেকর্ড ১৩ বার লিগ শিরোপার স্বাদ পেয়েছেন এই কিংবদন্তি। ইউরোপের শীর্ষ ফুটবলে ১৩ বছরের কোচিং ক্যারিয়ারে এই নিয়ে মোট ১০ বার লিগ শিরোপা জিতলেন গার্দিওলা।
