বাউফল সোনালী ব্যাংক শাখা থেকে আবদুল মোতালেব হাওলাদার নামের এক মুক্তিযোদ্ধার ভাতার ১ লাখ ১৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদার ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকা তুলে একটি কাপড়ের ব্যাগে ভরে ব্যাগটি ব্যাংকের একটি চেয়ারের ওপর রেখে পাশের টেবিলে কর্মকর্তার কাছে যান। এসময় ওই ব্যাগটি অজ্ঞাত এক ব্যক্তি নিয়ে পালিয়ে যান।
সোনালী ব্যাংক বাউফল শাখার ব্যবস্থাপক মো. সোলায়মান হায়দার বলেন, এ ঘটনা ন্যক্কারজনক। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।’
