থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে এনেছে নতুন নাটক ‘মাধব মালঞ্চী’। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে বিভাস চক্রবর্তী রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।
এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩৬তম প্রযোজনা। নাটকের সংগীত পরিকল্পনায় রয়েছেন সেলিম মাহবুব। আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ। সহ-নির্দেশনায় রয়েছেন মোকাদ্দেম মোরশেদ।
নির্দেশক রোকেয়া রফিক বেবী বলেন, প্রায় ৩২ বছর আগে বিভাস চক্রবর্তীর এই নাটকটি দেখেছিলাম, তখন থেকেই মনে দাগ কেটেছিল। কভিড পরিস্থিতির পর আমাদের নাট্যদল নতুন প্রযোজনা হিসেবে এটি মঞ্চে এনেছে। নাটকটি নির্দেশনা দিতে গিয়ে নাটকের মালঞ্চীকে আমি দেখতে চেয়েছি নারী শক্তির প্রতীক হিসেবে।
নাটকে দেখা যায়, দুর্লভ রাজার ছোট পুত্র মাধব। রানির মৃত্যুর পর রাজা এই মাধবকে লালন-পালনের দায়িত্ব দেন তার বড় পুত্রবধূ চন্দ্রবনকে। কিন্তু হঠাৎ অসুস্থতায় হয়ে দুর্লভ রাজার মৃত্যুর সাথে সাথে রাজা হবার বাসনায় রাজপুত্রদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ভবিষ্যৎ রাজা ঠিক করার জন্য গণনা করা হয় এবং তিনবারই গণনায় মাধবের নাম আসে। এই ঘটনায় বড় ভাইয়েরা মাধবকে মেরে ফেলার চক্রান্ত শুরু করলে চন্দ্রবন আদরের দেবরকে পাঠিয়ে দেয় দূর দেশে। একদিন সুদর্শন মাধবের প্রেমে পড়ে রাজকন্যা মালঞ্চী। এগিয়ে চলে নাটকের কাহিনি।
নাটকের অভিনয় করেছেন নুরুজ্জামান বাবু, মানিক, সজল, ইসমাইল সিরাজী, রানা সিকদার, লেমন, ক্ষমা, ঐতিহ্য, বাঁশরী, তানভীর, ভাবনা, সুজন, লেলিন, ইন্দ্রাণী, দোলন, ফারহানা, ফুয়াদ, প্রদীপ ও মোকাদ্দেম। বাদক দলে ছিলেন সেলিম মাহবুব, সুজন, সান্টু, শাফিন, জামিল, শাপলা ও বিপ্লব। আলোক পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ, সংগীত পরিকল্পনায় সেলিম মাহবুব, কোরিওগ্রাফি ফেরদৌস, পোশাক পরিকল্পনায় এনাম তারা সাকি।
