পদ্মা সেতু চালু উপলক্ষে ১০০ টাকার স্মারকমুদ্রা

আপডেট : ২৬ জুন ২০২২, ০৫:০৬ এএম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুদ্রিত ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৬ জুন (রবিবার) থেকে ওই স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। এই নোট কেনাকাটা বা বিনিময়ের জন্য নয়। সংরক্ষণের জন্য প্রচলন করছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৪৬ মিমি ী ৬৩ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত রয়েছে।

নোটের উপরিভাগে সামান্য ডানে নোটের শিরোনাম ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ লেখা রয়েছে। এছাড়া, নোটের ওপরে ডান কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় এবং উপরিভাগে মাঝখানে ‘একশত টাকা’ লেখা রয়েছে।

নোটের পেছনভাগে পদ্মা সেতুর পৃথক একটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের নিচে মাঝখানে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে।

শতভাগ কটন-কাগজে মুদ্রিত ১০০ টাকা মূল্যমান স্মারক নোটটির সম্মুখভাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বামে ৪ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ এলাকায় ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘২০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এছাড়া নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

১০০ টাকা মূল্যমান স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সংবলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত