যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আগেই একটি বিল পাস করেছিল দেশটির কংগ্রেস। আর এবার সেই বিলে সই করে আইনে পরিণত করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ গত প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন পেল যুক্তরাষ্ট্র।
বিবিসি বলছে, নতুন এ আইনের অধীনে ২১ বছরের কমবয়সী বন্দুক ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড কঠোরভাবে যাচাই করা হবে এবং হুমকি হিসেবে বিবেচিত লোকদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র অপসারণের জন্য অঙ্গরাজ্যগুলোকে উৎসাহিত করা যাবে। মূলত যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনার পর কংগ্রেস চলতি সপ্তাহে দ্বিদলীয় সমর্থনে আইনটি অনুমোদন করে।
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে পাস হওয়া বিলটিতে সই করে আইনে পরিণত করার পর প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘যদিও আমি যা চাই এ বিলটি পুরোপুরি তা করে না, তবে এতে এমন কিছু পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে যা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে বলে আমি দীর্ঘকাল ধরে বলে আসছি।’
