ইংল্যান্ডের বিপক্ষে ১ জুলাই থেকে শুরু টেস্টের ৬ দিন আগে করোনা পজেটিভ হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। লেস্টারশায়ারের সঙ্গে গতকাল শেষ হওয়া চার দিনের ম্যাচের তৃতীয় দিনে করোনা পরীক্ষায় পজেটিভ হওয়ার পর তাকে নিভৃতবাসে রাখা হয়েছে। প্রথম দুদিন মাঠে ছিলেন রোহিত। প্রথম ইনিংসে ভারতের ইনিংসের সূচনাও করেন তিনি। কিন্তু শনিবার তৃতীয দিন মাঠে নামেননি রোহিত।
৫ টেস্টের এই সিরিজের গত বছর অনুষ্ঠিত চার ম্যাচে রোহিতই ছিলেন সেরা পারফরমার। ৫২.২৭ গড়ে করেছিলেন ৩৬৮ রান। এজবাস্টন টেস্টের এক সপ্তাহেরও কম সময় আগে তার করোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় পড়ে গেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে বিপদেই পড়তে হবে তাদের। কারণ, আরেক নিয়মিত ওপেনার লোকেশ রাহুলও এই সিরিজ থেকে ছিটকে গেছেন কুঁচকির চোটের কারণে।
ওদিকে ইংল্যান্ড শিবিরেও করোনা হানা দিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান হেডিংলি টেস্ট চলাকালীন করোনা পজেটিভ হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক বেন ফোকস। প্রথম দুদিন মাঠে থাকলেও শনিবার তৃতীয় দিন মাঠে নামেননি। গতকালও ছিলেন না মাঠে। তার জায়গায় ওলি পোপ উইকেটের পেছনে দাঁড়িয়েছেন। ফোকসের বদলি হিসেবে একাদশে নেওয়া হয়েছে স্যাম বিলিংসকে।
