গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস করার কিছু ক্ষমতা হারিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ)। সুপ্রিম কোর্টের অভিনব এক রায়ে বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণ কমাতে বাইডেন সরকারের অবাধে নিয়মবিধি আরোপের ক্ষমতা সীমিত করা হয়েছে। এতে বড় ধরনের ধাক্কা খেল প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিকল্পনা। সুপ্রিম কোর্টের রায়কে ‘বিপর্যয়কর সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছেন বাইডেন। তবে তিনি বলেছেন, এ সিদ্ধান্ত জলবায়ু সংকট মোকাবিলায় তার উদ্যোগকে খর্ব করতে পারবে না।
বিবিসি জানায়, ইপিএর বিরুদ্ধে মামলা করেছিল ওয়েস্ট ভার্জিনিয়া। মূলত রিপাবলিকান নেতৃত্বাধীন ১৮টি রাজ্য এবং দেশের বৃহত্তম কয়লা কোম্পানিগুলোর পক্ষ থেকে ওয়েস্ট ভার্জিনিয়া এ মামলা করে। তাদের যুক্তি ছিল, সব অঙ্গরাজ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর এখতিয়ার ইপিএর নেই। এ ১৯ রাজ্য শঙ্কায় ছিল যে, তাদের বিদ্যুৎ খাতে কয়লার ব্যবহার বন্ধ করতে বাধ্য করা হবে। এতে গুরুতর আর্থিক ক্ষতি হবে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মামলায় তাদের পক্ষেই রায় দিয়েছে।
সুপ্রিম কোর্টের রক্ষণশীল ছয় বিচারপতি রক্ষণশীল রাজ্য এবং জীবাশ্ম জ¦ালানি কোম্পানিগুলোরই পক্ষ নিয়েছেন। রায়ে তারা বলেছেন, নিঃসরণ কমানোর অবাধ ক্ষমতা ইপিএর নেই। আর এর বিপক্ষে মত দিয়েছেন তিনজন বিচারপতি। ১৯টি রাজ্যের মধ্যে মিজৌরির অ্যাটর্নি জেনারেল এরিক স্মিট এ রায়কে ‘বড় জয়’ বলে অভিহিত করেছেন। এতে করে বাইডেনের ইপিএ সংস্থা আর ‘চাকরির টুঁটি চিপে ধরার মতো নিয়মবিধি’ আরোপ করতে পারবে না বলে উল্লেখ করেন তিনি।
সুপ্রিম কোর্ট অবশ্য ইপিএর ভবিষ্যতে এমন বিধিনিষেধ আরোপের ক্ষমতা পুরোপুরি কেড়ে নেয়নি। কিন্তু বলেছে, ইপিএর যে এমন বিধিনিষিধ আরোপের ক্ষমতা আছে তা কংগ্রেসকে স্পষ্টভাবে বলতে হবে। কিন্তু অতীতে দেখা গেছে, কংগ্রেস ইপিএর প্রস্তাবিত কার্বন নিঃসরণ হ্রাসের কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।
