পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। এদিকে সরকারি ছুটি ছাড়া বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও চলবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ১০ জুলাই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে আগামী ৯ জুলাই শনিবার থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ৮ জুলাই শুক্রবার ও ১৫ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের বাণিজ্য কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১৬ জুলাই শনিবার থেকে বন্দর দিয়ে আবার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি এক পত্রের মাধ্যমে ভারতীয় রপ্তানিকারকসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করা হয়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আমদানি-রপ্তানিকারক গ্রুপ ৯ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করলেও সরকারি ছুটির দিন ছাড়া হিলি স্থলবন্দরের ভেতরের সব কার্যক্রম চালু থাকবে। এসময় আমদানিকারকরা চাইলে বন্দরের ভেতরে আটকেপড়া পণ্য খালাস করে নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।
