সাতক্ষীরার শ্যামনগরে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্বের জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন ১৫ জন। এছাড়া, রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি নিয়ে এবং লক্ষ্মীপুরে নৌকার ভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৬ জন। প্রতিনিধিদের পাঠানো খবর :
সাতক্ষীরা : শ্যামনগরে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গত শুক্রবার বিকেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাদানুবাদ নিয়ে আবুল হোসেন গাজীর ছেলে আমির হোসেন (৩২) নামের এক যুবক রাতে নিহত হয়। এছাড়া ছাকাত শেখের ছেলে কাদের শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার সকালে হাসপাতালে মারা যান। এসময় উভয় পক্ষের অন্তত ২৩ জন আহত হয়। যার মধ্যে ১৭ জনকে শ্যামনগর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা : শ্রীপুর উপজেলার খদ্দরহুয়া গ্রামে গত সোমবার স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্বের জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সংঘর্ষে আহত হয়ে আলাউদ্দিন ফকির (৫৫) নামে এক ব্যক্তি গতকাল মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এলাকাবাসী জানান, গত বছর সম্পন্ন শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শ্রীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য বক্কার মোল্যা। নির্বাচনে জয়ী হন বক্কার মোল্যা। নির্বাচনে জয়-পরাজয় নিয়ে এ দুই নেতার গ্রাম্য সমর্থকদের বিরোধ চলছিল।
শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার জানান, সংঘর্র্ষে জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে।
রাজবাড়ী : বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি করে। গত সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকায় সবুর শিকদার ও পান্নু ম-লদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত সোমবার দুপুর দেড়টার দিকে পান্নু ম-লের ওপর হামলা হয়। পরে পান্নু ম-রের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা করে। এসময় ছয়টি বাড়িতে ভাঙচুর ও দুটি মোটরসাইকেল ভাঙা হয়।
লক্ষ্মীপুর : ঈদের দিন ঘুরতে গিয়ে নৌকার ভাড়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। গত রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা টুমচর ইউনিয়নে কালিরচর খেয়াঘাটের দক্ষিণ পাড়ে এ হামলা হয়।
