বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজলা গ্রামে বালুবাহী ট্রাক ও ট্রলি যাতায়াত করায় সড়ক ভেঙে নষ্ট হয়েছে। এ সড়ক নষ্ট হওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে কাজলা গ্রামের প্রধান সড়কে মানববন্ধন করেছে গ্রামবাসী।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সুরুত জামান টিটু, জাকির হোসেন, মিনা বেগম, শিক্ষক জয়নাল আবেদিন, শিক্ষার্থী ইবরাহিম মিয়া প্রমুখ।
মানববন্ধনে রফিকুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে কাজলা গ্রামের পাকা সরু রাস্তা দিয়ে বাঙালি নদী খননের অবৈধ বালু ট্রাক ও ট্রলি দিয়ে পরিবহন করা হচ্ছে। এতে জনবহুল এ গ্রামের রাস্তাটির বিভিন্ন অংশ ধসে গেছে। সড়কটি ভারী যান চলাচলের অনুপযোগী হলেও বালুবাহী ছয় চাকার ভারী যানবাহন চলাচল করছে। এ ধারা অব্যাহত থাকলে রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, রাস্তা নষ্ট হওয়াতে আমাদের গ্রামবাসীর চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। আমরা এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাই।
ওই কাজলা গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী ইবরাহিম মিয়া জানায়, রাত-দিন সবসময় বালুর ট্রাক ও ট্রলি বিকট শব্দে চলাচল করে। এতে শব্দদূষণ হয়। ফলে তারা পড়াশোনা করতে পারে না।
এ বিষয়ে কথা হলে স্থানীয় ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন বলেন, বালু পরিবহন করে রাস্তা নষ্টের বিষয়টি ঠিক। এ বিষয়ে বিভিন্ন মহলে অভিযোগ করেও কোনো সুরাহা বা সহযোগিতা পাওয়া যায়নি।
