ভারতীয় টেলিভিশনের আইকনিক সিরিজগুলোর অন্যতম বি আর চোপড়া এবং রবি চোপড়া নির্মিত ‘মহাভারত’। ১৯৮৮ সালে প্রথমবার সম্প্রচার হয় ওই শো। এরপর থেকে দিনদিন এই ধারাবাহিকের জনপ্রিয়তা বেড়েছে।
এমনকি লকডাউনের সময় জনগণকে ঘরে রাখতে ভারত সরকার ‘মহাভারত’ পুনঃপ্রচার করেছিল। সেই ফর্মুলা কাজেও দিয়েছে।
জনপ্রিয় এ ধারাবাহিকের জন্য অভিনেতাদের বিপদের সম্মুখীনও হতে হয়েছে। বছর দুয়েক আগে কপিল শর্মা শোতে এসে সেই কথা জানিয়েছিলেন ‘মহাভারত’-এর দূর্যোধন পুনিত ইসার।
দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্যে অভিনয়ের জন্য বড় সমস্যায় পড়তে হয়েছিল তাদের।
পুনিতের কথায়, ‘হঠাৎ একজন এসে বলেছিল, আপনার নামে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছে। শুনে তো আমরা থ। অভিযোগ ছিল, দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য নাকি কারো কারো ভাবাবেগে আঘাত হেনেছে।’
পরে অবশ্য বিষয়টি সামাল দিয়েছিলেন নির্মাতা। তবে এর ২৮ বছর পর আবারও ওই মামলার তদন্ত শুরু হয়।
পুনিত ইসার বলেন, ‘আমরা আইনজীবীর শরণাপন্ন হই। পরে জানা যায় অভিযোগকারী আমাদের সঙ্গে অর্থাৎ সিরিয়ালের অভিনেতাদের সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিলেন।’
আরও বলেন, ‘আমরা তো সাফ বলে দিয়েছিলাম যে কাউকে গ্রেপ্তার করার হলে বেদব্যাসকে করুন। উনিই তো মহাভারতের রচয়িতা! উনিই এই বিষয়টি লিখেছেন।’
১৯৮৮ সাল থেকে ওই শোর সম্প্রচার শুরু হয়। ১৯৯০ সালের জুন মাস পর্যন্ত চলে সিরিয়ালটি। মোট ৯৪টি পর্বের নির্দেশনা করেছিলেন বি আর চোপড়া এবং রবি চোপড়া।
