ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:২০ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্ক সিটির নিজ বাড়িতে ৭৩ বছর বয়সে তিনি মারা যান।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইভানাকে বৃহস্পতিবার নিউ ইয়র্ক শহরে তার বাড়ির সিঁড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু দুর্ঘটনাজনিত কারণেই হয়েছে বলে মনে করছে পুলিশ। তিনি পড়ে গিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।

ডোনাল্ড ট্রাম্প তার প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইভানার মৃত্যুর কথা নিশ্চিত করেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইভানা ছিলেন একজন চমৎকার, সুন্দর ও অসাধারণ নারী। মহৎ ও অনুপ্রেরণামূলক একটি জীবন কাটিয়ে গেছেন তিনি।’

চেক রিপাবলিকের মডেল ইভানার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিয়ে হয় ১৯৭৭ সালে। ১৫ বছরের মাথায় ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়। পাঁচ সন্তানের জনক ডোনাল্ড ট্রাম্পের তিন সন্তানের মা হলেন ইভানা। তারা হলেনÑ ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক ট্রাম্প।

ইভাঙ্কা ট্রাম্প ইন্সটাগ্রামে এক পোস্টে লিখেছেন, তার হৃদয় ভেঙে গেছে। নিজের জীবনকে পুরোপুরি যাপন করে গেছেন তার মা।

আশি আর নব্বইয়ের দশকে ডোনাল্ড ও ইভানা ট্রাম্প ছিলেন নিউ ইয়র্ক শহরের পরিচিত মুখ। তাদের বিচ্ছেদের ঘটনা সে সময় আলোচনার জন্ম দেয়। বিচ্ছেদের পর প্রসাধনী, পোশাক আর গয়নার ব্যবসা শুরু করেন ইভানা। ২০১৭ সালে এক স্মৃতিকথায় তিনি লিখেছেন, বিচ্ছেদের পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়েছিল। হপ্তায় অন্তত এক দিন দুজনের কথা হতো।

ডোনাল্ড ট্রাম্প ছিলেন ইভানার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী আলফ্রেড উইনক্ল্যামায়ার ছিলেন অস্ট্রিয়ার একজন স্কি প্রশিক্ষক। ধারণা করা হয়, অস্ট্রিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য উইনক্ল্যামায়ারকে বিয়ে করেছিলেন ইভানা। ওই বিয়ের ফলেই তার কমিউনিস্টশাসিত চেকোস্লোভাকিয়া ছাড়ার সুযোগ তৈরি হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের সঙ্গে তার বিয়ে হয় ১৯৯৩ সালে। তাদের বিচ্ছেদ হয় ১৯৯৯ সালে। ২০০৫ সালে ট্রাম্প তৃতীয় বিয়ে করেন মেলানিয়াকে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর মেলানিয়া হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত