সরকারবিরোধী বৃহৎ আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে বিএনপি। দ্বিতীয় দফার প্রথম সংলাপে অংশ নেয় ২০ দলীয় জোটের শরিক সাম্যবাদী দল ও বাংলাদেশ ডেমোক্রেটিক লীগ। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলাদাভাবে এই দুই দলের সঙ্গে বৈঠক হয়।
বৈঠকে সাম্যবাদী দল ও বাংলাদেশ ডেমোক্রেটিক লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে নামার বিষয়ে একমত পোষণ করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে মির্জা ফখরুল এবং বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান অংশ নেন। অন্যদিকে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন পলিট ব্যুরোর সদস্য কমরেড মোহাম্মদ সুরাইফুল ইসলাম মাহফুজ, কমরেড সাইফ মাহমুদ জুয়েল, কমরেড মেহবুব মিয়া, সদস্য কমরেড আজাদ রহমান, কমরেড সামসুল হক ভুলু, কমরেড নুর উদ্দিন ঢালী ও কমরেড সুমন হাওলাদার।
পরে বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আকবর হোসেন, ইয়াহিয়া মুন্না, মোহাম্মদ আল আমিন, ওমর ফারুক প্রমুখ।
বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও চলমান দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বেশ কিছু দিন ধরে আলোচনা চালিয়ে আসছি। ইতিমধ্যে অনেক দলের সঙ্গে আলোচনা শেষ হয়েছে। আশা করছি শিগগিরই এ আলোচনা শেষ হবে। আমরা আজকের বৈঠকে খালেদা জিয়ার মুক্তি, বিরোধী নেতাকর্মীদের মামলা প্রত্যাহার এবং সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আমরা একমত হয়েছি।’
