রোমাঞ্চের প্রতিশ্রুতি বসুন্ধরা-আবাহনীর

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১০:৩৯ পিএম

এক দলের হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়েছে আগের ম্যাচে। তাতে আরেক দলের কপাল পুড়েছে। টানা তৃতীয় মৌসুম লিগ শিরোপা জিততে না পারার হতাশা সঙ্গী তাদের। তবে আজ যখন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড মুখোমুখি লড়াইয়ে নামবে তখন শিরোপা ভাবনা বড় হয়ে দেখা দেবে না। তেমনটাই প্রতিশ্রুতি মিলেছে দু’দলের দুই ইউরোপিয়ান কোচের কাছ থেকে। ম্যাচটা হবে সদ্য শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু কিংস এরেনায়। লিগের সেরা দু’দলের সাক্ষাৎ বলেই কিংস বাফুফের কাছে অনুরোধ করেছিল এ দিনই শিরোপা তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা সারার। ফায়ার ওয়ার্কস, কনসার্টের মতো কিছু আয়োজনও চূড়ান্ত করে রেখেছিল। চিঠি দিয়ে বাফুফেকে একটা আল্টিমেটামও দিয়েছিল তারা। বাফুফের কাছে অবশ্য অনুরোধ টেকেনি। তারা নিয়ম মেনে লিগের শেষ রাউন্ডেই সারবে শিরোপা হস্তান্তরের আনুষ্ঠানিকতা।

নিজেদের আঙিনায় শিরোপা উদযাপনের ইচ্ছে যে একেবারে পূরণ হবে না কিংসের, তা এখনই বলা যাবে না। কিংস শেষ ম্যাচটি খেলবে শেখ জামাল ধানম-ি ক্লাবের বিপক্ষে। সেটা হওয়ার কথা মুন্সীগঞ্জে। সেই ম্যাচে স্বাগতিক শেখ জামাল অবশ্য বাফুফেকে অনুরোধ জানিয়েছে তারা ম্যাচটা মুন্সীগঞ্জে না খেলে খেলতে চায় কিংস এরেনায়। বাফুফে এখনো এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। সেটা হলে কিংস ঘরের মাঠেই শিরোপা উদযাপনে মাতবে ৩১ জুলাই।

কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন অবশ্য এই উৎসব-আয়োজন ভাবনায় স্থান দিচ্ছেন না। এমনকি শিরোপা নিশ্চিত হওয়ার ব্যাপারটাও যেন ভুলে যেতে চান। কোচ শুধু ভাবছেন কী করে জয়ের ধারাটা অব্যাহত রেখে লিগের সুখ সমাপ্তি টানা যায়, ‘এই ম্যাচ আমাদের কাছে অন্য যে কোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। কারণ আমরা চাই নিজেদের মতো করে লিগটা শেষ করতে। তাই আমরা চাই এই লিগে আমাদের সেরা দুই প্রতিপক্ষকে হারাতে। প্রথমটি আগামীকাল আবাহনীকে, আর দ্বিতীয়টি এক সপ্তাহ পর শেখ জামালকে। আমাদের প্রত্যেকে প্রস্তুত ও মুখিয়ে আছে বড় দু’টি ম্যাচের জন্য।’

আবাহনী কোচ মারিও লেমসের চাওয়া এ মৌসুমে কিংসের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটা সমুন্নত রাখা। আজ দু’দল এ মৌসুমে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে। প্রথম দেওয়া স্বাধীনতা কাপের ফাইনালে। সেটা জয়ের পর লিগের প্রথমপর্বে আবাহনী মাঠ ছেড়েছিল ড্রয়ের তৃপ্তি নিয়ে। শিরোপা জিততে না পারার হতাশা ভুলে লেমস তার শিষ্যদের কাছ থেকে তাই সেরাটা চাইছেন, ‘এটা দুর্ভাগ্য যে আমরা শিরোপা জিততে পারিনি। তবে দলের প্রত্যেকে আমরা এই ম্যাচটা নিয়ে অনেক বেশি সিরিয়াস। কারণ আমরা চাই ম্যাচটা জিততে। হতাশা পাশে রেখে দলের ফুটবলাররা দারুণভাবে আত্মবিশ্বাসী তাদের সেরাটা দিতে।’

বাফুফের সিদ্ধান্ত ও শেখ জামালের ইচ্ছের কথা জানার পর বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান নিজেদের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনার কথা বলেছেন। তবে আজ থেকে শিরোপা উদযাপনের শুরুটা করে দিতে চান তিনি, ‘বেশ কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম কারণ লিগের সেরা দু’টি দল আগামীকাল (আজ) খেলবে। বাফুফে অনুরোধ না রাখায় তাই সব হয়তো আজ হবে না। তবে শিরোপা নিশ্চিতের পরের ম্যাচ এবং সেটা আবাহনীর বিপক্ষে বলেই কিছু তো আয়োজন থাকবেই। তাছাড়া জামাল যেহেতু কিংস এরেনায় তাদের শেষ ম্যাচটা খেলতে চেয়েছে, আমরা সেদিনও পারব বড় করে শিরোপা উদযাপন করতে।’

হয়তো কনসার্ট হবে না। আতশবাজিও হয়তো ফুটবে পড়ে, তবে গ্যালারি ভরা সমর্থকের সামনে একটা রোমাঞ্চকর ম্যাচের প্রতিশ্রুতি দু’দলই দিয়ে রেখেছে আজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত