ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ দ্রৌপদী মুর্মুর

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৬:৫৪ এএম

ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। গতকাল সোমবার সকালে ভারতের জাতীয় সংসদের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনা। শপথ গ্রহণের মাধ্যমে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন সাঁওতাল নারী মুর্মু। তিনি দেশটির প্রথম আদিবাসী ও দ্বিতীয় নারী রাষ্ট্রপতি।

প্রান্তিক জনগোষ্ঠীর একজন হয়ে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসা মুর্মু সংসদে বলেন, ‘আমাকে রাষ্ট্রপতি নির্বাচিত করার মধ্য দিয়ে প্রমাণ হলো এ দেশের গরিবদেরও স্বপ্ন থাকতে পারে এবং তা পূরণ হতে পারে।’ 

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রৌপদীর পূর্বসূরি রামনাথ কোবিন্দ, বিদায়ী উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়াহ নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, দ্রৌপদীর রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিরলাসহ অনেকে।

গত ২১ জুলাই প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ৬৪ বছর বয়সী মুর্মু। এর আগে ২০১৫ সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। স্কুলশিক্ষক মুর্মু ১৯৯৭ সালে ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে যুক্ত হন। তার জন্ম ১৯৫৮ সালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত