আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার সামনের সংকট মোকাবিলার জন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক সংকটের অভিঘাতে বাংলাদেশ যাতে জর্জরিত না হয়, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,‘আওয়ামী লীগ মনে করে, জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস থাকলে কোনো সংকটই মোকাবিলা করা কঠিন নয়।’ সংকট মোকাবিলায় দেশবাসীকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাই মিতব্যয়ী এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হই।’
বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বিএনপির প্রশ্ন তোলার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের শাসনামলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কোনো দিন ৫ বিলিয়নের ওপরে ছিল না। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসনের কারণেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের বেশি। তার নেতৃত্বেই বাংলাদেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী “নিউজ ইউক” যখন বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে নিবন্ধ প্রকাশ করে তখন আমাদের দেশের একদল হতাশাবাদী ব্যর্থ রাজনীতিক হায় হায় রব তোলে। তাদের মনে রাখা উচিত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উন্নত রাষ্ট্রসমূহ যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না, সেখানে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’ বিশ্ববাজারে ক্রমাগতভাবে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে অনেক উন্নত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনকভাবে হ্রাস পেযয়ছে বলেও দাবি করেন তিনি।
গত এক যুগেরও বেশি সময় সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলে জানান কাদের। তিনি বলেন, ‘পাহাড়সমান প্রতিবন্ধকতা ও অসংখ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ।’
