টিপু হত্যায় গ্রেপ্তার আরও দুজন দুদিনের রিমান্ডে

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:২৪ এএম

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যায় সম্পৃক্ত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার দুজন হলেন সোহেল শাহরিয়ার ওরফে শটগান সোহেল এবং আলোচিত এই জোড়া হত্যাকাণ্ডে ব্যবহার হওয়া অস্ত্র সরবরাহকারী মারুফ রেজা সাগর। গত রবিবার রাতে গ্রেপ্তারের পর গতকাল সোমবার তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক ইয়াসিন শিকদার। রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে টিপু হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানাতে গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিএমপির ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘ঘটনার পারিপার্শ্বিকতা, সাক্ষ্যপ্রমাণ ও আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে যাদের বিরুদ্ধে সুস্পষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। অন্যায়ভাবে কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না।’

দুদিনে ৬ জন গ্রেপ্তার : সর্বশেষ দুজনসহ টিপু হত্যায় জড়িত অভিযোগে গত দুদিনে ৬ জনকে গ্রেপ্তার করা হলো। এই ছয়জনের মধ্যে কার কী ধরনের সম্পৃক্ততা ছিল তা জানতে চাইলে হারুন-অর রশিদ বলেন, ‘এটি একটি স্পর্শকাতর ঘটনা। জড়িত অনেকেই গ্রেপ্তার হয়েছে। মামলার তদন্ত শেষ হলেই কার কী ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

টিপু হত্যার ঘটনায় সর্বশেষ গত রবিবার রাতে গ্রেপ্তার করা হয় সোহেল শাহরিয়ার ওরফে শটগান সোহেল এবং যুবলীগ নেতা মারুফ রেজা সাগরকে। পুলিশের দাবি, সোহেল টিপু হত্যার একজন পরিকল্পনাকারী আর সাগর অস্ত্র সরবরাহকারী।

এ দুজনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা কর্মকর্তা হারুন বলেন, ‘আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি। বিভিন্ন ধরনের তথ্যপ্রমাণ পেয়েছি, তার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

টিপু হত্যায় মোল্লা শামীমের (কিলিং মিশনের সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন, বর্তমানে তিনি ভারতে পলাতক) সম্পৃক্ততার বিষয় জানতে চাইলে ডিএমপির গোয়েন্দা প্রধান বলেন, ‘টিপু হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত নয়, তাদের কাউকে ধরা হবে না। কিন্তু যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় যারা মাস্টারমাইন্ড (পরিকল্পনাকারী) ও কিলার তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দ্রুত এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেব।’

টিপু হত্যায় ব্যবহার হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের টিম এ বিষয়ে কাজ করছে।’

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলী এলাকায় ব্যস্ত রাস্তায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। তার মাইক্রোবাসের পাশে রিকশায় থাকা বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়িচালক মুন্না। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওই রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এখন পর্যন্ত এই মামলায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত