কাল থেকে ঢাকার ৫ এলাকায় কলেরা টিকার দ্বিতীয় ডোজ

আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:২৫ এএম

আগামীকাল বুধবার থেকে রাজধানীর পাঁচ এলাকায় কলেরা-ডায়রিয়ার টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানোর কর্মসূচি শুরু হচ্ছে। চলবে ১০ আগস্ট পর্যন্ত। মাঝখানে দুদিন ৫ আগস্ট শুক্রবার ও ৯ আগস্ট আশুরার দিন এই কর্মসূচি বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মসূচি চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এই টিকা খাওয়াবে।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআরবির পক্ষ থেকে এই পাঁচ এলাকার মানুষকে কলেরার টিকা গ্রহণ করে এই রোগ প্রতিরোধ করার আহ্বান জানানো হয়েছে।

গতকাল সোমবার আইসিডিডিআরবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সেখানে বলা হয়, এই কর্মসূচিতে ঢাকার যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরের প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণকারী ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে কলেরা টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানো হবে। যারা গত ২৬ জুন থেকে ২ জুলাই কলেরা টিকাদান কর্মসূচিতে প্রথম ডোজ কলেরা টিকা খেয়েছেন, তারা আগের টিকাদান কেন্দ্রে টিকাদান কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ কলেরা টিকা গ্রহণ করতে পারবেন। 

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রামের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা ঢাকার পাঁচটি এলাকার বাসিন্দাদের থেকে কলেরা টিকাদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং খুব অল্প সময়ে রেকর্ডসংখ্যক অধিবাসীকে টিকা দিতে পেরেছি। আশা করব যারা প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন, তারা অবশ্যই দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করে নিজেদের এ রোগ থেকে সুরক্ষা করবেন।’

সবার প্রতি অনুরোধ জানিয়ে আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ও ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. ফেরদৌসী কাদরী বলেন, ‘কলেরা টিকা গ্রহণ করার পাশাপাশি নিজেকে ও প্রিয়জনদের অন্যান্য রোগ প্রতিরোধমূলক কার্যক্রম, যেমন নিরাপদ পানির ব্যবহার, নিরাপদ পয়ঃনিষ্কাশনব্যবস্থা এবং ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উৎসাহিত করবেন এবং ডায়রিয়াসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবেন।

আইসিডিডিআরবি জানায়, দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিকস কোম্পানি লিমিটেডের তৈরি ইউভিকল প্লাস নামের কলেরার টিকা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের খাওয়ানো হচ্ছে। এই টিকা বিশ^ স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। গর্ভবতী নারী এবং যারা গত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নিয়েছেন, তারা ব্যতীত সবাই এই টিকা গ্রহণ করতে পারবেন। এই টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।

এই টিকাদান কর্মসূচিতে আরও সহায়তা করছে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, বিশ^ স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আন্তর্জাতিক রেডক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও এমএসএফ। দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গ্যাভির আর্থিক সহায়তায় এই টিকাদান উদ্যোগ পরিচালিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত