ফুটবলের সব কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রথম করপোরেট ক্লাব সাইফ স্পোর্টিং। এই সিদ্ধান্তের কথা বাফুফেকে জানিয়ে দিয়েছে ক্লাবটি। সদ্যসমাপ্ত লিগে নিজেদের সেরা সাফল্য তৃতীয় স্থান অর্জন করে। কিন্তু লিগ শেষ হওয়ার এক দিন পরই সাইফ এই বিস্ময়কর সিদ্ধান্ত নিল।
আকস্মিক এই সিদ্ধান্তের বিষয়ে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ‘যে পরিমাণ ব্যয় এর বিপরীতে রিটার্ন সেভাবে আসছে না। জাতীয় ফুটবলে সেভাবে প্রভাব পড়ছে না। এর পাশাপাশি গ্রুপের ব্যবসা বাণিজ্যিক কাজে ব্যস্ততাও অনেক। দল পরিচালনায় অনেক সময় প্রয়োজন। সময় দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে গ্রুপের পক্ষ থেকে।’ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সাইফ স্পোর্টিং ক্লাবের চিঠির প্রাপ্তি স্বীকার করে বলেন, ‘সাইফ স্পোর্টিংয়ের পক্ষ থেকে আমরা চিঠি পেয়েছি। বৈশ্বিক মন্দা পরিস্থিতি এবং সামগ্রিক প্রেক্ষাপটে তাদের পক্ষে দল পরিচালনা অসম্ভব বলে চিঠিতে উল্লেখ করেছেন তারা।’ সাইফ স্পোর্টিং বর্তমান লিগে তৃতীয় হয়েছে। তারা আগামী লিগে অংশগ্রহণ না করলে সেই শূন্যতা কীভাবে পূরণ হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়গুলো সামনে সভায় আমরা আলোচনা করব।’
২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জয়ের পর দেশের প্রথম করপোরেট দল হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবির্ভাব হয় সাইফ স্পোর্টিংয়ের। দলের অধিনায়ক হন তারকা মিডফিল্ডার জামাল ভূঁইয়া। এরপর শিরোপা জেতার মতো দল গড়েও কখনোই শিরোপা জিততে পারেনি সাইফ। এবারের বিপিএল ফুটবলে প্রথমবারের মতো তৃতীয় স্থান অর্জনের পরও মৌসুম শেষে অধিকাংশ ফুটবলার ধরে রাখতে ব্যর্থ হয় সাইফ।
