ভারতের পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির অভিযোগে আটক এবং মন্ত্রিত্ব হারানো পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, অর্পিতা মুখোপাধ্যায়কে তিনি চেনেন না। যদিও মডেল-অভিনেত্রী অর্পিতার ফ্ল্যাটে বিপুল পরিমাণ রুপি উদ্ধারের পর তাদের দুজনকে একই দিন আটক করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইতিমধ্যে ইডির জেরায় পার্থের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অর্পিতা স্বীকার করলেও পার্থ অস্বীকার করছেন।
নিজের নামে থাকা দুই ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ৫০ কোটি রুপি পার্থের বলে স্বীকারোক্তি দিয়েছেন অর্পিতা। অন্যদিকে উদ্ধার বিপুল অর্থ এবং অর্পিতার সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’কে অস্বীকার করে যাচ্ছেন পার্থ।
এদিকে ইডির জেরায় অর্পিতা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুর পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তার ভাষায়, ‘বয়সের পার্থক্য থাকলেও পার্থদা আমার ভালো বন্ধু।’
তবে দুজনের মুখোমুখি জেরায় এই সম্পর্কের কথা অস্বীকার করেন তৃণমূলের সাবেক মহাসচিব। তিনি বলেন, ‘অর্পিতাকে আমি তেমনভাবে চিনি না। মাঝেমধ্যে দেখেছি। অনেকের মতো অর্পিতাও আসত। নাকতলার পুজোর সময় দেখেছি।’
অর্পিতার ফ্ল্যাট থেকে রুপি উদ্ধার বিষয়ে জানতে চাওয়া হলে পার্থ তদন্তকারীদের বলেন, ‘বাড়ি থেকে টাকা পাওয়ার খবর শুনেছি। তবে ওই টাকা আমার নয়।’
গত শুক্রবার অর্পিতাকে ব্যাংকশাল আদালতে হাজির করে ইডি। আদালতে নেওয়ার আগে তাকে কলকাতার সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্যপরীক্ষার পর কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন তিনি। এরপরই তাকে নিয়ে ইডির কর্মকর্তারা আদালতের দিকে রওনা হন। আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের জন্য আলিপুর নারী সংশোধনাগারে পাঠানো হয়।
