পৌনে এক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বনশিল্পের যুগ্ম সচিব মো. সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঘটনার সত্যতা স্বীকার করেন।
দুদক সূত্র জানায়, গত ৮ আগস্ট কমিশন থেকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের যুগ্ম সচিব (পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন) মো. সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে মামলাটির অনুমোদন দেওয়া হয়। মামলায় বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম প্রধান সাজ্জাদুল ইসলাম বর্তমানে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে থাকাকালীন দুর্নীতির অভিযোগ ওঠে এবং অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধান পর্যায়ে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারি করা হলে তিনি ২০২০ সালের ৯ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে ২ কোটি ১ লাখ ৮২ হাজার ৭৮৮ টাকার নিট সম্পদ পাওয়া যায়। যেখানে সাজ্জাদুল ইসলাম ২০০৪-০৫ করবর্ষ থেকে ২০২০-২১ করবর্ষ পর্যন্ত পারিবারিক ব্যয় বাবদ ৯৫ লাখ ৯১ হাজার ২৫১ টাকা দেখিয়েছেন। নিট সম্পদের সঙ্গে পারিবারিক ব্যয় যোগ করলে ২ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার টাকার সম্পদের হিসাব পাওয়া যায়। অনুসন্ধানকালে সাজ্জাদুল ইসলামের ২ কোট ২২ লাখ ১৪ হাজার ৯২৮ টাকার গ্রহণযোগ্য আয় পাওয়া যায়। ফলে বাকি ৭৫ লাখ ৫৯ হাজার টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে দুদকের কাছে প্রমাণ রয়েছে।
