গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে পারিবারিক সফরে সড়কপথে পদ্মা সেতু পার হয়ে সকাল ৯টা ৪০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে এবং সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জ সদরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান তিনি।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকী, ববি সিদ্দিকীর স্ত্রী এবং ছেলে-মেয়ে, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তার পরিবারের সদস্যবৃন্দ, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, শেখ পরিবারের সদস্যবৃন্দসহ গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়কপথে টুঙ্গিপাড়ায় আসার পথে পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজার হাজার জনতা। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ।
