‘শুক্লপক্ষ’ কারো কাছে ভালো লেগেছে, কেউ হতাশ

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২:০০ এএম

চরকিতে মুক্তি পেয়েছে ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘শুক্লপক্ষ’। এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

ব্যস্ততা...

শ্যুটিংয়ের ব্যস্ততা আপাতত নেই। নতুন কিছু কাজ করব, কিন্তু এই মুহূর্তে কোনোটির কথাই স্পষ্ট করে বলতে পারছি না। কাজ শুরু হলে বলতে পারব। শ্যুটিং না থাকলেও নানা ধরনের কাজে ব্যস্ত আছি। আমাদের ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেতার কাছে অভিনয় কর্মশালা করছি। তবে সেটি পয়সার বিনিময়ে নয়। আমি চাই এক ধরনের চর্চার মধ্যে থাকতে। নিজেকে প্রতিনিয়ত ঝালিয়ে নিতে। তাই সেই অভিনেতাকে অনুরোধ করি যেন আমাকে কিছুটা সময় বের করে অভিনয় বিষয়ক লেসন দেন। তিনি রাজি হয়েছেন, কিন্তু আমরা এ নিয়ে কোনো ধরনের প্রচার চাই না।

শুক্লপক্ষ...

ওয়েব ফিল্মটি থ্রিলার ধাঁচের। সহশিল্পী হিসেবে আছেন চিত্রনায়ক রোশান ও অভিনেতা খায়রুল বাশার। আমি খুবই সাদামাটা একটি মেয়ের চরিত্রে কাজ করেছি। এর আগে নির্মাতা ভিকি জাহেদের থ্রিলারের বেশ সুনাম শুনেছি। তাই এই কাজের প্রস্তাব পাওয়ার পর প্রথমে করতে না চাইলেও তার অনুরোধে রাজি হই। তখন তেমন শ্যুটিংয়ের ব্যস্ততাও ছিল না। আর তিনিও বললেন, একটু ভিন্ন কিছু করতে চাই, আপনি করলে আমার জন্য ভালো হয়। সব মিলিয়ে কাজটি করি। কাজ করার অভিজ্ঞতা

ভালোই ছিল।

সাড়া...

সত্যি বলতে মুক্তির পর থেকে দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। কারও কাছে খুব ভালো লেগেছে, আবার কেউ হতাশ হয়েছেন দেখে। কেউ আবার বলছেন মোটামুটি। এক পর্যায়ে এসে রিভিউ দেখা বন্ধ করে দিয়েছি। কারণ মন খারাপ হয়ে যাচ্ছিল। তাছাড়া আমার ডিপ্রেশনের প্রবলেম রয়েছে। এত মন খারাপ নিয়ে অন্য কাজও ঠিকমতো করা কঠিন। তাই বরং অ্যাভয়েড করে যাচ্ছি। এমন হওয়ার পেছনে কী কারণ আছে আমি ঠিক জানি না। গল্পটা ভালোই ছিল। আমার মনে হয় নির্মাতার তাড়াহুড়ার কারণে কিছু বিষয় যেভাবে আসা উচিত ছিল সেভাবে আসেনি। আমার সঙ্গে নির্মাতার কিছু বোঝাপড়া ছিল, সেগুলোও পাইনি ফাইনাল প্রোডাকশনে। যদিও এ নিয়ে আমি এখনো নির্মাতার সঙ্গে কথা বলিনি। সামনে কথা বলে সব ক্লিয়ার হওয়ার চেষ্টা করব।

মশারি...

অনেকে জানেন নুহাশ হুমায়ূনের এই শর্টফিল্মটি এরইমধ্যে বিশে^র বিভিন্ন বড় বড় ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে, প্রশংসা কুড়িয়েছে, পুরস্কারও পেয়েছে। ছবিটি অস্কার মনোয়নের দৌড়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এ জন্য প্রচারণার দরকার আছে। নির্মাতা এখন সেসব নিয়ে খুব ব্যস্ত। আমার অভিনয় ক্যারিয়ারের অন্যতম সফল কাজ এই ‘মশারি’।

নাচ থেকে অভিনয়...

আড়াই বছর বয়সে নাচ শুরু। তবে এখন নাচের জন্য সময়ই পাই না আসলে। অভিনয়ের দিকে একটু বেশি কনসেনট্রেট করছি। নাচের প্র্যাকটিস ও-লেভেল এক্সামের আগ পর্যন্ত করেছি। এরপর ব্যস্ততার করণে আর হয়ে ওঠেনি। এখন অভিনয়ের প্রতি নেশাটা বেশি মনে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত