বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় চট্টগ্রাম ৬৪তম

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০২:১২ এএম

করোনা মহামারীর ধাক্কায় আগেরবার পিছিয়ে পড়লেও সেই ধাক্কা কাটিয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম লয়েডস লিস্টের এবারের তালিকায় ৬৪ নম্বরে উঠে এসেছে দেশের প্রধান এ বন্দর। বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার পোর্ট বা ব্যস্ততম বন্দরের তালিকায় চট্টগ্রাম আগের বছরের চেয়ে এগিয়েছে তিনধাপ।

২০২১ সালের কনটেইনার ওঠানামার পরিসংখ্যানের ভিত্তিতে লয়েডস লিস্ট গত বৃহস্পতিবার রাতে নতুন এ তালিকা প্রকাশ করে। বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীদের মতে, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সক্ষমতা বাড়ায় বন্দরের গতিশীলতা আগের বছরগুলোর তুলনায় বেড়েছে। এর ফলে বেড়েছে কনটেইনার ওঠানামার পরিমাণও। চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে আগামীতে চট্টগ্রাম বন্দর আরও ওপরে উঠে আসবে এমনটিই আশা করছেন তারা।

২০২০ সালের কনটেইনার ওঠানামার পরিসংখ্যানের ওপর ভিত্তি করে গত বছর লয়েডস লিস্ট যে তালিকা প্রকাশ করেছিল সেখানে চট্টগ্রামের অবস্থান ছিল ৬৭তম। ওই বছর বন্দরে ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭টি কনটেইনার ওঠানামা হয়েছিল। সে হিসাবে আগের বছরের চেয়ে পিছিয়ে গিয়েছিল ৯ ধাপ। আর ২০২১ সালে কনটেইনার ওঠানামা হয় ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮টি। এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৩.২ শতাংশ।

লয়েডস লিস্টের তালিকায় গতবারের মতো এবারও শীর্ষস্থানে রয়েছে চীনের সাংহাই বন্দর। ২০২১ সালে এ বন্দরে ৪ কোটি ৭০ লাখ ৩০ হাজার ৩০০টি কনটেইনার ওঠানামা হয়। আর ২০২০ সালে ওই বন্দরে কনটেইনার ওঠানামা হয়েছিল ৪ কোটি ৩৫ লাখ ৩ হাজার ৪০০টি। এ বছর প্রবৃদ্ধি ৮ শতাংশ।

গতবারের মতো এবারও তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। ২০২১ সালে ৩ কোটি ৭৪ লাখ ৭০ হাজার কনটেইনার ওঠানামা হয় এ বন্দরে। আগের বছর এ সংখ্যা ছিল ৩ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯০০। এক বছরে বন্দরটির প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৬ শতাংশ।

শীর্ষ ১০০ কনটেইনার পোর্টের তালিকায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে চীনের সমুদ্রবন্দর নিংপো চৌ শান, শেনজেন, গুয়ানজো ও কিংডাও বন্দর। সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর। অষ্টম ও নবম স্থানে রয়েছে চীনের তিয়ানজিন ও হংকং বন্দর। দশম স্থানে রয়েছে নেদারল্যান্ডসের রটারডাম বন্দর।

মালয়েশিয়ার পোর্ট কেলাং ১২তম। শ্রীলঙ্কার কলম্বো বন্দর আছে তালিকায় ২৩ নম্বরে। ভারতের জওহরলাল নেহরু বন্দর ২৯তম এবং পাকিস্তানের করাচি বন্দর তালিকায় ৮৬তম অবস্থানে রয়েছে।

লয়েডস লিস্টের তালিকায় ওপরে উঠে আসা প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘২০২১ সালে করোনার মধ্যেও আমরা পুরোদমে বন্দর চালু রেখেছি। এ সময় বিশ্বের বিভিন্ন বন্দর জাহাজ ও কনটেইনার জটের কবলে পড়লেও চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের জটের সৃষ্টি হয়নি। তাছাড়া আমরা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করেছি, ইয়ার্ড বৃদ্ধির কারণে বন্দরের ধারণক্ষমতাও বেড়েছে। অত্যাধুনিক বেশ কিছু ইক্যুইপমেন্ট বন্দরের অপারেশনাল কাজে যুক্ত হয়েছে। সবকিছু মিলিয়ে বন্দরের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। যে কারণে আগের বছর লয়েডস লিস্টের তালিকায় বন্দরের নাম কিছু নিচে নামলেও আমরা আবারও ঘুরে দাঁড়িয়েছি।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামীতে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল চালু হলে এবং ডেলিভারি ইয়ার্ড বে-টার্মিনালে নিয়ে যেতে পারলে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং লয়েডস লিস্টের তালিকায় আরও এগিয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত