বিএনপির বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মী হত্যার প্রতিবাদ

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১১:২৬ পিএম

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে ঊর্ধ্বগতি, পরিবহন ভাড়া বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে দলীয় দুই কর্মীকে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামালপুর, বাগেরহাট ও ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময়ে এসব কর্মসূচি পালন করে দলের স্থানীয় নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :

জামালপুর : গতকাল সকালে শহরের ফেরিঘাট পৌর বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ সমাবেশ করে জামালপুর পৌর বিএনপি। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আবদুল্লাহ আল মাসুদ প্রমুখ।

বাগেরহাট : গতকাল বিকেলে শহরের পুরনো বাজার মোড়ে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষক দলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সহসভাপতি কামরুল ইসলাম গোরা প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ) : গতকাল বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নওধার লেকেরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। উপজেলা বিএপির সাবেক সহসভাপতি আজাহারুল ফয়েজ মুঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক স্বপন, বৈলর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস আলী, বিএনপি নেতা ফয়সাল আহম্মেদ, এনামুল হক চানু, শফিকুল আলম শোভা, সৈকত হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত