পাঁচ ধরনের পণ্য উৎপাদনে নতুন প্রকল্প হাতে নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। ব্যবসা সম্প্রসারণের এ প্রকল্পে ২৭ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। গত ৩১ আগস্ট নাহি অ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন প্রকল্পের আওতায় কোম্পানিটি ক্রস টি, মেইন টি, ওয়াল এঙ্গেল, অ্যালুমিনিয়াম সিলিং রানার ও ইউপিভি সিলিং-জাতীয় পণ্য উৎপাদন করবে নাহি। প্রকল্পটি বাস্তবায়ন হলে কোম্পানির আয়ে বছরে অতিরিক্ত ২৫ কোটি টাকা যোগ হবে।
এদিকে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের দিন নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর প্রায় সাড়ে ৪ শতাংশ কমে গেছে। যদিও গতকাল ডিএসইতে উত্থানের ধারা অব্যাহত রয়েছে। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৭৭ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়। এরপর গত ২৮ আগস্ট থেকেই কোম্পানিটির শেয়ার দরে নিম্নমুখী ধারা দেখা গেছে।
৬৮ কোটি ৩৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের নাহি অ্যালুমিনিয়ামের চলতি তৃতীয় প্রান্তিক পর্যন্ত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৪১ পয়সা। ২০২০-২১ হিসাব বছরে কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ১৫ পয়সা। সে সময় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
