ডেসটিনি-২০০০ লিমিটেড পরিচালনা করতে একটি বোর্ড গঠন করে দিয়েছে উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ডেসটিনি-২০০০-এর পরিচালনায় এ বোর্ড পুনর্গঠন করেছে হাইকোর্ট।
কোম্পানির কয়েকজন বিনিয়োগকারীর পক্ষে আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বোর্ডের অপর সদস্যরা হলেন সাবেক জেলা জজ হাসান শহীদ ফেরদৌস, সুপ্রিম কোর্টের আইনজীবী মারগুব কবির, ফখরুদ্দিন আহমেদ এফসিএ।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মইনুল ইসলাম। দেশ রূপান্তরকে তিনি বলেন, একটা কোম্পানির কয়েক হাজার বা এক লাখ শেয়ারহোল্ডার থাকতে পারেন। তাদের মধ্যে হয়তো অল্প কয়েকজন অপরাধ করেন। কিন্তু এজন্য কোম্পানিকে তো ধ্বংস করা যাবে না। তিনি বলেন, ডেসটিনির অনেকগুলো কোম্পানি আছে। এর মধ্যে ডেসটিনি-২০০০-এর ৪৯ জন শেয়ারহোল্ডার। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত এজিএম (বার্ষিক সাধারণ সভা) করার জন্য ১৬ জন শেয়ারহোল্ডার গত ৩১ মে আবেদন করেছিলেন। শেয়ারহোল্ডাররা নানা অভিযোগ তুলেছেন। আদালত মনে করেছে যে, কোম্পানিটা চলুক। এজন্য নিরপেক্ষ কিছু লোকের মাধ্যমে আগের বোর্ডটাকে পুনর্গঠন করেছে হাইকোর্ট। পরিচালনা বোর্ড একটা কোম্পানি চালায়। সে হিসেবে ডেসটিনি পরিচালনা করতে এই পরিচালনা বোর্ড সিদ্ধান্ত নিতে পারবে।
