রানীর শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি আগামী ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাবেন।

গতকাল শনিবার আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ফারুক খান দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভার পর ফারুক খান জানান, ‘ব্রিটেনের রানীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকার্ত-মর্মাহত।’

আওয়ামী লীগ সভাপতি ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে রানী দ্বিতীয় এলিজাবেথের  মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে  বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

সভায় শেখ হাসিনা বলেন, আগামীকাল সোমবার তার ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারত সফর করেন। সেখানে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। তার সফরসূচিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকও ছিল। এ ছাড়া দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী গতকাল মনোনয়ন বোর্ডের বৈঠকে ১৯৮১ সালে দেশে ফেরার পর আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তার অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন। ওই সময়ে বাকশালের সক্রিয় হয়ে ওঠার সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত