অবৈধভাবে বালু উত্তোলনে ব্রহ্মপুত্রে ভাঙন

জামালপুরে শতকোটি টাকার সেতু ঝুঁকিতে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:২৮ এএম

উদ্বোধনের চার বছরের মাথায় ভাঙনের মুখে পড়েছে জামালপুর জেলার ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের ওপর শত-কোটি টাকায় নির্মিত মেজর জেনারেল খালেদ মোশারফ বীরউত্তম সেতু। অবৈধভাবে বালু উত্তোলন এবং সেতুর দুই প্রান্তে নদীরক্ষায় কোনো ব্যবস্থা না থাকায় সেতুর সংযোগ সড়কের ব্লক ধসে পড়ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধসহ সেতুটির পূর্ব প্রান্তের ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে সেতুটি ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর পৌর শহরের বীর হাতিজা পাইলিং ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১০৪ কোটি টাকা ব্যয়ে ৫৬০ মিটার দৈর্ঘের সেতুটি নির্মাণ করা হয়। ২০১৮ সালের ১১ অক্টোবর সেতুটি উদ্বোধন করা হয়। সেতুটি নির্মাণ হওয়ায় ইসলামপুরের সঙ্গে বকশিগঞ্জ ও শেরপুরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই প্রান্তে নদীরক্ষায় কোনো ব্যবস্থা না থাকায় এবং সেতুর দক্ষিণ পাশে একটি প্রভাবশালী মহল দিনের পর দিন ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর পূর্ব প্রান্তে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীভাঙনের কারণে সেতুর সংযোগ সড়কে দেওয়া ব্লক ধসে পড়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধসহ সেতুর পূর্ব প্রান্তে ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা না নিলে সেতুটি ঝুঁকিতে পড়তে পারে।

সেতুর পূর্ব প্রান্তে সড়কের পাশে চায়ের দোকান করেন হোসেন আলী। তিনি বলেন, ‘নদীর এ ভাঙন খুব তাড়াতাড়ি ঠেকাতে না পারলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে দুর্ভোগে পড়তে পারে আশপাশের কয়েক ইউনিয়নের বাসিন্দারা।’

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা এলাকার শিহাব উদ্দিন বলেন, ‘অনেক বড় একটা ব্রিজ করেছে। অনেক টাকাও খরচ হয়েছে। কিন্তু ব্রিজটি রক্ষার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্রিজের দুই পাড়ে পাইলিং করা দরকার ছিল। এখন ভাঙন দেখা দিয়েছে। ব্রিজটি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’

শেরপুররের শ্রীবর্দির বাসিন্দা আবদুল জলিল বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নদীর পার পাইলিং না করায় ভাঙন শুরু হয়েছে। খুব দ্রুত সেতুর অ্যাপ্রোচ সড়ক রক্ষাসহ নদীর ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুর পূর্ব প্রান্তে নদীতে অবৈধভাবে ড্রেজার বাসিয়ে বালু উত্তোলন করছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির ছোট ভাই মোর্শেদুল আলম খান মাসুম। এ বিষয়ে জানতে মোর্শেদুল আলমের মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহাম্মেদ রুমান বলেন, ‘অবৈধ ড্রেজার মেশিন এ উপজেলার সীমানার মধ্যে না। তাই কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আর নদীর ভাঙন রোধের বিষয়ে এস্টিমেট ঢাকায় পাঠানো হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, ‘সেতুর কোনো অংশে ভাঙন থাকলে সে বিষয়টি দেখবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তবে নদীভাঙনের বিষয়টি দেখবে পানি উন্নয়ন বোর্ড।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত