জিএম কাদের বললেন

সহিংসতার মাধ্যমে জবরদস্তির নির্বাচন হবে মেসেজ পাচ্ছি

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:১৪ এএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘সহিংসতার মাধ্যমে জোরজবরদস্তির একটি নির্বাচন হবে, সরকারি দল থেকে এমন মেসেজ আমরা পাচ্ছি। এটা দেশ ও জাতির জন্য দুঃখজনক। ‘চলমান সহিংস রাজনীতি আগামী জাতীয় নির্বাচনের জন্য অশনিসংকেত।’

গতকাল শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে সন্ত্রাসী হামলায় আহত ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি। কোনো সহিংসতাকে বিশ্বাস করি না। কথা বলার, সভা-সমাবেশের, বিক্ষোভ প্রদর্শনের স্বাধীনতা দিতে হবে। সভা সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অধিকার থাকতে হবে। স্বাভাবিক রাজনীতি বাধাগ্রস্ত হলে সহিংস রাজনীতি আসে, যা দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে।’

তিনি বলেন, প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র যেন এদেশে স্থান লাভ করতে পারে সেজন্য আমরা সব জায়গায় প্রার্থী দিচ্ছি। আর এসব করতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছি। কিছুদিন আগে গাজীপুরে মিটিং করতে গিয়েছিলাম সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় লোক সভা করতে দেয়নি। আমরা শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চেয়েছিলাম। সেখানেও যদি বাধাগ্রস্ত হই, তাহলে দেশে স্বাভাবিক রাজনীতি কীভাবে চলবে। এভাবে সাধারণ রাজনীতিকে যদি পথরোধ করে দেয়, তাহলে দেশ বড় ধরনের সহিংসতার দিকে চলে যাবে বলে আশঙ্কা করছি। এটা কারও কাম্য নয়। এটি আগামী নির্বাচনের জন্য অশনিসংকেত।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, রাজনীতি করতে গিয়ে হামলা মামলার শিকার হতে হচ্ছে। শফিকুল ইসলাম মামলার হাজিরা দিতে কোর্টে যাচ্ছিলেন। তখনই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।’

হাসপাতালে আসা স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে করে মঠবাড়িয়া থেকে পিরোজপুরে যাওয়ার পথে মাঝেরপোল ফরাজী বাড়ির সামনে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত