৯ গোলের ম্যাচে দুই হ্যাটট্রিক

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১:৫১ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে গেল মৌসুমে ইতিহাদে ম্যানচেস্টার সিটি চার গোল দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবার নিজেদের মাঠে ম্যানচেস্টার ডার্বিতে আরও বড় জয় পেল পেপ গার্দিওলার দল। প্রথমার্ধেই চার গোল দেয় ম্যানসিটি। তারা ম্যাচ জিতেছে ৬-৩ গোলে। আর্লিং হালান্ড ও ফিল ফোডেন হ্যাটট্রিক করেন। এদিন পুরো ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রাখেন ম্যানইউ কোচ এরিক টেন হাগ।

ম্যাচের অষ্টম মিনিটে বার্নার্দো সিলভার পাস থেকে গোল করেন ফিল ফোডেন। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু বক্সের বাইরে থেকে ইকাই গুনদোয়ানের ফ্রি-কিক পোস্টে লেগে ফেরে। গ্রিলিশকে ফাউল করায় ফ্রি-কিক পেয়েছিল ম্যানসিটি। ৩৪ মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন আর্লিং হালান্ড। তিন মিনিট পর ডি ব্রুইনের অ্যাসিস্ট থেকে আবারও গোল করেন নওরোজিয়ান এই স্ট্রাইকার। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ান ফোডেন। হালান্ডের পাস থেকে বল জালে জড়ান। চতুর্থ গোল হজমের পর ম্যানইউর অনেক সমর্থককেই স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল শোধ দেয় রেড ডেভিলরা। ৫৬ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের থ্রো বল ধরে দূরপাল্লার শটে গোল করেন অ্যান্টনি। ৬৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। বদলি নামা সার্জিও গোমেজের ক্রস থেকে বল জালে জড়ান হালান্ড। মৌসুমে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। ইপিএলে আট ম্যাচে ১৪ গোল হলো হালান্ডের। মৌসুমে সিটির জার্সিতে ১১ ম্যাচে তার গোল ১৭টি। ৭২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ফোডেনও। হালান্ডের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান। ৮৪ এবং ম্যাচের যোগ করা সময়ে আরও দুই গোল শোধ দেন অ্যান্থনি মার্শিয়াল। ইন্টারনেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত