রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাতে এ সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, কাজাখস্তানের আস্তানায় কনফারেন্স অন ইন্টার্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন মোমেন। সম্মেলনে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ইস্যুতে বিস্তর আলোচনা করেছেন এবং এসব সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী ভূমিকা প্রত্যাশা করেছেন ড. মোমেন।
বাহরাইন প্রবাসীদের ভিসা সমস্যা সমাধানের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর : করোনাকালে দেশে এসে আটকে পড়া বাহরাইন প্রবাসীদের ভিসা সমস্যা সমাধানে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল-যায়ানিকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। একই সঙ্গে করোনার আগে ছুটিতে এসে আটকে পড়া বাহরাইন প্রবাসীদের ফেরত নেওয়ায় ড. লতিফকে বিশেষ ধন্যবাদ জানান ড. মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, আটকে পড়া প্রবাসী পরিবারের সদস্যদের ফিরে যাওয়ার ব্যাপারেও ড. মোমেন বাহরাইনের মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণের জন্যও তিনি অনুরোধ জানান।
কাজাখস্তানে ষষ্ঠ সিকা শীর্ষ সম্মেলনের সাইড লাইন বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে সম্পর্ক আরও জোরদারে আশাবাদ ব্যক্ত করেন।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং কভিড-১৯ এর কারণে ভিসাসংক্রান্ত যে বিধিনিষেধ আরোপিত হয়েছে তা পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে মর্মে অবহিত করেন।
বৈঠকের শেষে বাহরাইনে অনুষ্ঠিতব্য আসন্ন ১৮তম মানামা সংলাপে যোগদানের আমন্ত্রণ জানানোয় ড. মোমেন বাহরাইনের মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
