সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা বন্ধের ঘোষণা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৬:২৯ এএম

আজ থেকে ঢাকার সৌদি আরব দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়া বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। বাংলাদেশি কর্মীদের পাসপোর্ট তৃতীয় একটি পক্ষের মাধ্যমে জমা নেওয়ার সৌদি দূতাবাসের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার এ ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক জরুরি সভা থেকে পাসপোর্ট জমা দেওয়া বন্ধ রাখার ঘোষণা দেন বায়রার (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ) সভাপতি মো. আবুল বাসার। তিনি বলেন, ‘শাপলা সেন্টার নামক একটি প্রতিষ্ঠান নিয়োগ করে আবার আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এখানে কারও না কারও কিছু উদ্দেশ আছে। (এত দিন) আমরা দূতাবাসের কাউন্সিলরের কাছে দিয়েছি। পরবর্তী সময়ে তারা আমলে না নিয়ে সবার কাছে শাপলা সেন্টারের মাধ্যমে পাসপোর্ট জমা নেওয়ার নোটিস পাঠিয়েছে। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত কেউ পাসপোর্ট জমা দেবে না।’

বায়রার সভাপতি আরও বলেন, ‘দূতাবাসে যদি মানুষের জটলা সংক্রান্ত সমস্যা হয়, তাহলে আমাদের বায়রার ওপর ছেড়ে দেন। আমরা আপনাদের পছন্দ মতো জায়গায় নিজেদের খরচে জায়গা তৈরি করে আমাদের সদস্যদের জন্য কাজটি করতে চাই। ভারতেও (তারা) এই একই নিয়ম করতে চেয়েছিল। কিন্তু সব রিক্রুটিং মালিক একসঙ্গে হয়ে তাদের কাছ থেকেই পাসপোর্ট নিতে বাধ্য করেছিল।’

তাদের কাছে থাকা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও পাসপোর্ট জমা দেবেন না জানিয়ে আবুল বাসার বলেন, ‘বায়রার কোনো সদস্য এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে, আমরা যদি প্রমাণ পাই তাহলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও রিক্রুটিং এজেন্সির মালিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত