কর্ণফুলীতে জাহাজডুবি

নিখোঁজ ২ জনের লাশ ৮০ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৬:৪০ এএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজ ডুবে নিখোঁজ দুজনের লাশ ৮০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ডুবে যাওয়া জাহাজের কেবিন থেকে তাদের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। তারা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ চরআইসা গ্রামের বাসিন্দা আবদুল মোতালেব (৬০) ও জাহাজের গ্রিজার প্রদীপ চৌধুরী (৫৫)।

আবদুল মোতালেব ডুবে যাওয়া জাহাজের নাবিক মো. রাকিবের বাবা। তিনি জাহাজে কর্মরত ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন।

এ ঘটনায় ৭ জনের নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার দিনভর জাহাজের ক্যাপ্টেনসহ পাঁচজনের লাশ ভেসে ওঠে। এর বাইরে চিকিৎসারত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও একজন। এ পর্যন্ত এ ঘটনায় আটজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেছেন। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

গত মঙ্গলবার রাত দেড়টার দিকে র‌্যাংকন ওশেনা লিমিটেডের মালিকানাধীন এফবি মাগফেরাত জাহাজটি সি রিসোর্স ডকইয়ার্ডে মেরামতের জন্য তোলার সময় কর্ণফুলীতে ডুবে যায়।

এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরের বহির্নোঙরে ডুবে যাওয়া পাথরবোঝাই লাইটারেজ জাহাজের ৪ নাবিকের লাশ তাদের গ্রামের বাড়ি মাগুরায় দাফন করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার আরেকটি জাহাজের ধাক্কায় ডুবে যায় এমভি সুলতান সানজানা নামের জাহাজটি। জাহাজে থাকা ৯ জনের মধ্যে ৮ জনই মাগুরার মহম্মদপুর উপজেলার বাসিন্দা। তাদের জন্য ২ জনকে জীবিত এবং ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিখোঁজ ২ জনের বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ সাংবাদিকদের বলেন, তাদের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত