জেলেদের হামলায় নৌ-পুলিশসহ আহত ৮

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১১:২১ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে হামলা হয়েছে নৌ-পুলিশের ওপর। এ সময় নৌ-পুলিশসহ আহত হয়েছেন আটজন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হামলার ঘটনায় ছয় জেলেকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চরাত্রা ইউনিয়নের বালুরটেক এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আবু আব্দুল্লাহ, এএসআই বেলাল, কনস্টেবল আশিষ কুমার দাশ, ইকবাল হোসেন, আবদুল হান্নান, স্পিডবোট চালক সেলিম, বিপ্লব ও শ্রমিক সোহাগ হোসেন। এ তথ্য জানিয়েছেন, সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আবু আব্দুল্লাহ।

তিনি বলেন, শনিবার সকাল ৮টার দিকে একটি স্পিডবোট ও একটি ট্রলারসহ ১৪ জনকে নিয়ে মেঘনা নদীতে অভিযানে নামেন নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) দীন আলম। দুপুর ১২টার দিকে পদ্মা নদীর চরাত্রা ইউনিয়নের বালুরটেক এলাকায় গেলে জেলেরা আমাদের ওপর হামলা করেন। তারা ইটপাটকেল ও টেঁটা ও বাঁশ ছোড়েন। হামলায় আটজন আহত হয়। পরে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নেন।

নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) দীন আলম বলেন, দুপুরে পদ্মা নদীর বালুর টেক এলাকায় গেলে জেলেরা ট্রলার নিয়ে আমাদের ওপর হামলা চালান।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ পারভেজ বলেন, নৌ-পুলিশের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, মাদারীপুরের শিবচরের পদ্মানদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মৎস কর্মকর্তা ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন পদ্মা নদীতে মৎস কর্মকর্তা ও পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমসহ নৌপুলিশের দুই সদস্য ও স্পিডবোট চালক আহত হয়। পরে যৌথ অভিযান চালিয়ে এক জেলেকে আটকসহ বিপুল জাল জব্দ করা হয়। দুপুর পর্যন্ত চলে এ অভিযান।

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি জাহানুর আলী বলেন, সকালে মৎস্য কর্মকর্তা টিম নিয়ে অভিযানে গেলে জেলেরা তাদের ঘিরে হামলা চালায়। পরে নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। শিবচর মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, আমাদের ওপর জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করে। চারজন আহত হয়েছি। পরে সহকারী কমিশনার (ভূমি) রিয়াজুল আলমের নেতৃত্বে র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ অভিযানে অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত