পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে (এনজিও) সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। পার্বত্যাঞ্চলের যেসব জায়গায় যোগাযোগব্যবস্থা অনুন্নত, যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, সেসব জায়গায় এনজিওকে কাজ করতে হবে। এমন প্রকল্প নিতে হবে যার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নত হবে।
গতকাল শনিবার সকালে বান্দরবানের অরুণ সারকী টাউন হলে কারিতাস বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, কারিতাস বাংলাদেশ সাধারণ পরিষদের সদস্য রেভা. ফাদার লেনার্ড সি রিবেরু, কারিতাস বাংলাদেশ চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ, নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, জেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, চট্টগ্রাম অঞ্চল ও বান্দরবানের বিভিন্ন এলাকার কারিতাসের কর্মকর্তা ও উপকারভোগীরা।
এর আগে বান্দরবান রাজার মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যায় বান্দরবান অরুণ। সেখানে বাজানো হয় জাতীয় সংগীত, উত্তোলন করা হয় জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা। পরে বেলুন উড়িয়ে এবং মঙ্গল প্রদীপ প্রজ¦ালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এ ছাড়া পরিবেশন করা হয় নৃত্য।
