দুই সন্তানসহ গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০২:৩৩ এএম

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দুই সন্তানসহ আত্মহত্যার চেষ্টা করেছেন শিরিন খান (৩৫) নামের এক নারী। তবে উপস্থিত সাংবাদিক ও পুলিশের বাধায় তিনি গায়ে আগুন লাগাতে পারেননি। গতকাল শনিবার বেলা১১টার দিকে এ ঘটনা ঘটে।

শিরিন ও তার দুই সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরপা এলাকার জুনায়েদ আহমেদ খানের স্ত্রী শিরিন খান। মেয়ে শারমিন খান (১৬) ও ছেলে জহির খানকে (১০) নিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এর আগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেন।

শিরিনের স্বজনেরা জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বাসার সামনের একটি দোকান থেকে এক লিটার কেরোসিন তেল কেনেন শিরিন। আর জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বড় দুই সন্তান ও নিজে সেবন করেন। এরপর তিন সন্তানকে নিয়ে বাসে করে ঢাকায় আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিরিন খান দেশ রূপান্তরকে জানান, ২০১৫ সালে বরপার গোয়ালবাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান সাউথের কাছ থেকে ১২ লাখ ৪০ হাজার টাকায় ৪ কাঠা জমি কেনেন তিনি। সেই জায়গায় দোতলা বাড়ি করেছেন তিনি। যেখানে নিজে পরিবার নিয়ে থাকেন এবং ভাড়াটিয়া উঠিয়েছেন। ফ্ল্যাট ভাড়া দিয়ে সংসার চলে তার। ৮ মাস আগে বেসিক ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে তাদের কাছে নোটিস যায় যে জায়গাটি মর্টগেজ রেখে ব্যাংক থেকে টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা পরিশোধ না করায় জমিটি ছেড়ে দিতে বলা হয় নোটিসে।

শিরিন অভিযোগ করেন, এ তথ্য জানার পর হান্নান সাউথের কাছে যান তিনি। কিন্তু কোনো সমাধান না দিয়ে হান্নান ও তার সহযোগী আয়েস আলী ভূঁইয়া, ফজলুল হক ও সিরাজুল হক ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা ফেরত নিয়ে জায়গা এবং বাড়ি ছেড়ে তাদের চলে যেতে বলেছেন। এরপর স্থানীয় জনপ্রতিনিধি, নেতা, র‌্যাব ও পুলিশের কাছে ঘুরেও কোনো সমাধান পাননি। তার স্বামী জুনায়েদ লিভার সেরোসিসের রোগী। একসময় ঠিকাদারি করলেও দীর্ঘ চার বছর তিনি খুবই অসুস্থ। কোনো আয় রোজগার নেই তার। চার-পাঁচ দিন ধরে তাদের ছেড়ে নিরুদ্দেশ রয়েছেন জুনায়েদ। নিরুপায় হয়ে শনিবার তিনি প্রেস ক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।

এর আগে ১৮ অক্টোবর সন্ধ্যায় গণভবনের সামনে দুই সন্তানসহ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিরিন। গত বৃহস্পতিবারও নিজ বাড়িতে ফেইসবুক লাইভে থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

আইনের আশ্রয় না নিয়ে আত্মহত্যা চেষ্টার কারণ জানতে চাইলে শিরিন দেশ রূপান্তরকে বলেন, ‘মামলা চালানোর সামর্থ্য নেই আমার।’  

যার কাছ থেকে জমি কিনেছেন শিরিনের পরিবার সেই হান্নান সাউথের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। জানতে চাইলে তিনি গতকাল রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৫ সালে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে আমি জমিটি কিনি। পরে ওই বছরই জমিটি শিরিন খানের কাছে বিক্রি করে দিই। এত বছর পর জানতে পারি জমিটি ব্যাংকের কাছে বন্ধক রেখে জহিরুল ৬ কোটি টাকা লোন নিয়ে চীনে পালিয়ে গেছেন।’

হান্নান আরও বলেন, ‘আমি শিরিনকে বলেছি জমির টাকা ফেরত দেব। কয়েকবার আমরা বিষয়টি নিয়ে বসেছিও। কিন্তু সে এরই মধ্যে আত্মহত্যার চেষ্টা করছে।’

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল মোমেন দেশ রূপান্তরকে জানান, জাতীয় প্রেস ক্লাবসংলগ্ন পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে ওই নারী তার দুই সন্তানসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ তিনি ব্যাগ থেকে একটি কেরোসিনের বোতল বের করে নিজের শরীর এবং সন্তানদের শরীরে ঢালতে শুরু করেন। পাশ থেকে এটি দেখেই সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে বোতলটি নিয়ে নেওয়া হয় এবং তাদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি জানান, নারায়ণগঞ্জের বাসা থেকেই সম্ভবত ঘুমের ওষুধ সেবন করে এসেছিল শিরিন ও তার দুই সন্তান। তাদের হাসপাতালে নিয়ে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তবে ওই নারীর তিন বছরের মেয়ে সাজিদা খানকে ঘুমের ওষধ সেবন করায়নি। সে সুস্থ আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত