প্রিয়াঙ্কার ‘লাভ এগেইনের’ মুক্তি পেছাল

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১১:৫৫ পিএম

হলিউড সিনেমা ‘লাভ এগেইন’-এর মুক্তির তারিখ সম্পর্কে ভক্তদের বার্তা দিলেন গ্লোবাল আইকন, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কা, স্যাম হিউগান ও সেলিন ডিওন অভিনীত ‘লাভ এগেইন’ সিনেমাটি ২০২৩ সালের গ্রীষ্মে মুক্তি পাবে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির দুটি নতুন ছবিসহ মুক্তির তারিখ ঘোষণা করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘লাভ এগেইন বিশ^ব্যাপী আসছে ১২ মে। যারা আমাকে চেনেন তারা জানেন আমি সেলিন ডিওনকে কতটা ভালোবাসি! আমি খুব গর্বিত যে আমাদের চলচ্চিত্রটিতে নতুন সংগীত দিচ্ছেন ডিওন!’ এরপর সহ-অভিনেতা স্যাম হিউগানকে মেনশন করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমরা এটা করেছি!’ স্যামও সিনেমাটির একটি পোস্ট শেয়ার করে টুইট বার্তায় লিখেছেন, ‘আমি রোমান্টিক কমেডি “লাভ এগেইন” সিনেমায় সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া এবং সেলিন ডিওনের সঙ্গে অভিনয় করছি।’

সেলিন ডিওনের সুর ও সংগীতে এবং জিম স্ট্রৌসের পরিচালনায় সিনেমাটিতে প্রিয়াঙ্কাকে ‘মীরা রায়’ চরিত্রে দেখা যাবে, যিনি তার বাগদত্তাকে হারিয়েছেন এবং নিজের কষ্টকে মোকাবিলা করছেন। গল্পে দেখা যাবে, মীরা তার প্রেমিকের পুরনো সেলফোন নম্বরে একাধিক বার্তা পাঠান। তবে নম্বরটি এখন রব বার্নস, অর্থাৎ স্যামকে নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে। তাই মীরার মেসেজের ভিত্তিতে তিনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য মেগাস্টার সেলিন ডিওনের সাহায্য নেন। এভাবেই গল্প এগিয়ে যায়। জিম স্ট্রৌস রচিত এবং পরিচালিত রোমান্টিক ড্রামাটি এর আগে ১০ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সিনেমাটির মুক্তি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৩ সালের ১৩ মে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত