গত বিশ্বকাপ চলাকালীনও মিলেছিল একই সুসংবাদ। এবারও সেরকম। গতবার র্যাংকিংয়ে উইন্ডিজ ও শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি মূল পর্ব খেলে বাংলাদেশ। এবারও ১৪ নভেম্বরের মধ্যে র্যাংকিং অনুযায়ী ২০২৪ যুক্তরাষ্ট্র-উইন্ডিজ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট মিলছে। চলতি বিশ্বকাপের ফলের দিক থেকে সেরা ৮ দলের সঙ্গে র্যাংকিংয়ে ৯-এ থাকা বাংলাদেশ ও ১০-এ থাকা আফগানিস্তান সরাসরি খেলবে আগামী আসর।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলসংখ্যা বাড়ছে। ফরম্যাটও ভিন্ন। থাকছে না প্রথম রাউন্ড। সেরা ১০ দলের বাইরে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইস্ট এশিয়া-প্যাসিফিক ও ইউরোপ থেকে কোয়ালিফায়ারে সেরা হয়ে আসবে মোট ৮ দল। ২০ দলের এ লড়াই হবে চার গ্রুপে ভাগ হয়ে। ৫ দলের গ্রুপ থেকে সেরা দুই দল করে খেলবে সুপার ৮-এ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষ ৮ দলের মধ্যে আছে নেদারল্যান্ডসও। ডাচরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগামী বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। ডাচরা বাদে টেস্ট খেলুড়ে সব দেশই আগামী আসর নিশ্চিত করেছে। টি-টোয়েন্টির এই আসর থেকে সরাসরি আগামী আসরের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে, নামিবিয়া, আরব আমিরাত ও আয়ারল্যান্ড।
