ব্যাংকগুলোকে মূল্যবোধভিত্তিক ব্যাংকিং পরিচালনার আহ্বান জানিয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন। গতকাল রাজধানীর হোটেল রেডিসন ব্লু’র ওয়াটার গার্ডেন জিএবিভি’র সম্মেলন আয়োজন বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
এ বছর গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুসের (জিএবিভি) ১৩তম ইন পার্সন সামিটটি আয়োজন করছে ব্র্যাক ব্যাংক। আজ মঙ্গলবার থেকে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন দিনের এই সম্মেলনটির উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সেলিম আর এফ হোসেন বলেন, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং পরিচালনার সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুসের (জিএবিভি) বাংলাদেশের একমাত্র সদস্য ব্র্যাক ব্যাংক। আমরা এসএমই’র মাধ্যমে ব্যাংক পরিচালনা করলেও ব্র্যাক ব্যাংক একটি লাভজনক ব্যাংক। পুরো ব্যাংক খাত যখন এসএমএস থেকে সরে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ব্র্যাক ব্যাংক ৩৫ শতাংশ এসএমই ঋণ বিতরণ করছে।
ডলার কারসাজি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় ডলারে কত শতাংশ লাভ করা যাবে তার কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ নেই। এ কারণে ডলার সংকটের সময় অনেক ব্যাংক বেশি লাভ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ওই ব্যাংকগুলোকে শোকজ করা হলেও পরবর্তী সময়ে নির্দিষ্ট নীতিমালা না থাকায় তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
তিনি বলেন, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পেরে ব্র্যাক ব্যাংক গর্বিত। আমরা বিশ্বাস করি, এই বার্ষিক সভার মাধ্যমে আমরা আরও অধিক সংখ্যক মানুষের কাছে বার্তাটি পৌঁছে দিতে পারব।
সেলিম আর এফ হোসেন বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা এর আগের ১০-১১ বছরের হয়নি। ব্র্যাক ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত। তাই বিনিয়োগকারীদের জন্য মুনাফা জোগাড় করতে হয়। তবে গত তিন বছর ধরে এত সংকটের মধ্যেও ব্যাংকটি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের সানরাইজ ব্যাংকার্স-এর সিইও এবং জিএবিভি’র চেয়ার ডেভিড রাইলিং বলেন, করোনা মহামারী শুরু হওয়ার পর এটিই আমাদের প্রথম বিশ্বব্যাপী সশরীরে বৈঠক। বিশ্বের একাধিক সংকটের মুখে আন্দোলন হিসেবে কীভাবে সাড়া দেওয়া যায় তা নিয়ে আমরা আলোচনা করতেই একত্র হচ্ছি।
২০০৯ সালে দশটি ব্যাংকের মাধ্যমে গ্লোবাল আলায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস জেএবিভি প্রতিষ্ঠা লাভ করে। এই ব্যাংকগুলো একটি ন্যায্য সবুজ এবং আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থার প্রয়োজনে বিশ্বাস করে। এ সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একমাত্র ব্যাংক হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।
