ছাঁটাই হওয়া কর্মীদের চাকরিতে ফেরাচ্ছে টুইটার!

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০২:০৮ এএম

টুইটারের মালিকানা হাতে নেওয়ার পরই সংস্থাটিতে ব্যাপক কর্মী ছাঁটাই করেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গত শুক্রবারের ওই ছাঁটাই অভিযানে চাকরি হারিয়েছিলেন সংস্থাটির প্রায় অর্ধেক কর্মী। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে মাস্কের মন। ছাঁটাই হওয়া অনেক কর্মীর সঙ্গে ফের যোগাযোগ করছে টুইটার কর্র্তৃপক্ষ। চাকরি হারানো এসব কর্মীকে আবারও কাজে ফিরতে বলছে সংস্থাটি। অর্থনীতি বিষয়ক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য সামনে এনেছে বলে গতকাল সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত রবিবার প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে ইলন মাস্ক টুইটার ইনকরপোরেটেড কিনে নেওয়ার পর গত শুক্রবার সংস্থাটির প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দেওয়া হয়। তবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি এখন এমন অনেক কর্মীর সঙ্গে যোগাযোগ করছে যারা ছাঁটাই হয়েছিল এবং তাদের কাজে ফিরতেও বলা হয়েছে।

টুইটারের সর্বশেষ এই পদক্ষেপগুলোর সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, যাদের ফিরতে বলা হচ্ছে তাদের মধ্যে কয়েকজনকে ভুলবশত ছাঁটাই করা হয়েছিল। মূলত টুইটারের ব্যবস্থাপনা তা বুঝতে পারার আগেই তাদেরসহ অন্যদের ছেড়ে দেওয়া হয়েছিল। এখন তাদের আবারও ফিরতে বলা হচ্ছে। কারণ নতুন নিয়মে চলার জন্য এসব কর্মীর কাজ এবং অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে।

এদিকে টুইটার সম্প্রতি তার ট্রাস্ট এবং সেফটি টিমের কর্মচারীসহ সংস্থার ৫০ শতাংশ কর্মচারীকে ছাঁটাই করেছে বলে কোম্পানির নিরাপত্তা ও সততা বিভাগের প্রধান ইয়োয়েল রথ এই সপ্তাহের শুরুতে একটি টুইট বার্তায় জানিয়েছিলেন।

অন্যদিকে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই কোম্পানির কর্মীদের টুইটে বলা হয়েছে, যোগাযোগ, কন্টেন্ট কিউরেশন, মানবাধিকার এবং মেশিন লার্নিং নীতির জন্য দায়িত্বশীল দলগুলোর কর্মীরাও ছাঁটাই তালিকার মধ্যে ছিলেন। ভারতে টুইটারের ৯০ শতাংশই হয়েছেন ছাঁটাইয়ের শিকার।

এদিকে টুইটারে ছদ্মবেশীদের অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হবে বলে ইলন মাস্ক জানিয়েছেন। গত রবিবার তিনি ঘোষণা দেন, টুইটার ব্যবহারকারীরা ‘প্যারোডি’ অ্যাকাউন্ট হিসেবে স্পষ্টভাবে উল্লেখ না করে ছদ্মবেশে জড়িত থাকলে কোনো সতর্কতা ছাড়াই তা স্থায়ীভাবে স্থগিত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত