প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সঙ্গে রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান, নিরাপত্তা, রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যু, ইন্দো-প্যাসিফিক কৌশল ও আঞ্চলিক সহযোগিতা এবং কানেক্টিভিটি আলোচনায় প্রাধান্য পাবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস ডেপুটি সেক্রেটারি জেনারেল এনরিকে মোরার মধ্যে সংলাপটি হবে। এতে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি ২০০১ সাল থেকে শুরু হওয়া বাংলাদেশ-ইইউ জয়েন্ট কমিশনের বৈঠকে আলোচিত তিন বিষয় উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য এবং সুশাসন ও মানবাধিকার নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এ প্ল্যাটফর্মে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে আলোচনার সুযোগ কম। এ ধরনের রাজনৈতিক সংলাপ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশের সঙ্গে করে থাকে ইইউ। সংশ্লিষ্টরা জানান, এ সংলাপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়টি ইইউর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকেই এ ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে ইইউ। বাংলাদেশ এ ইস্যুতে নিজ স্বার্থ বিবেচনায় অবস্থানে নিয়েছে। ইইউ এ সংলাপে বাংলাদেশকে তাদের জোটে প্রত্যাশা করে আসছিল। আজকের বৈঠকে তারা সেটি অবশ্যই আলোচনা করবে।
আলোচনায় গুরুত্ব পাবে নিরাপত্তা ইস্যু। এছাড়া সন্ত্রাসবাদ, সাইবার সিকিউরিটি, শান্তিরক্ষা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক অপরাধসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি ও আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে। কারণ ইতিমধ্যে ইইউ ইন্দো-প্যাসিফিক কৌশল ঘোষণা করেছে।
তারা আরও জানান, এ সংলাপে বাংলাদেশের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পাবে। রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে এর সমাধানে সমর্থন দিয়ে আসছে ইইউভুক্ত দেশগুলো। কিন্তু গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পরে মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং রোহিঙ্গা ইস্যুটি পেছনে চলে আসে। দুই পক্ষ তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরবে এবং সমস্যা সমাধানে কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বৈঠকে এ সংলাপে বসার বিষয়ে ঐকমত্য হয়।
