নেদারল্যান্ডসকে রুখে দিল ইকুয়েডর

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১২:১১ এএম

জিতলেই প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। এমন সমীকরণ সামনে রেখে গতকাল মাঠে নেমেছিল নেদারল্যান্ডস ও ইকুয়েডর। আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এবারের আসরে দ্রুততম (৫ মিনিট ৪ সেকেন্ড) সময়ে গোলটি করেন ডাচ তরুণ স্ট্রাইকার কোডি গাকপো। ইকুয়েডরকে সমতায় ফেরান অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ডাচদের চমকে দেওয়ার হুমকি দিয়ে রেখেছিলেন ইকুয়েডরের গোলকিপার এরনান গালিন্দেজ। জয় না পেলেও ডাচদের রুখে দিতে পেরেছে তার দল। ম্যাচের ষষ্ঠ মিনিটের শুরুতে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডেভি ক্লাসেনের কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে বুলেট গতির শটে বল জালে জড়ান গাকপো। চলতি আসরে এটি তার দ্বিতীয় গোল। বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে নিজের প্রথম দুই ম্যাচে গোল করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। এর আগে এমন কীর্তি ২০১৪ বিশ্বকাপে গড়েন ডিপে।

গোল হজমের পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর। ৩২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল তারা। এনার ভ্যালেন্সিয়ার শট ঝাঁপিয়ে রক্ষা করেন ডাচ গোলকিপার আন্ড্রেস নোপার্ট। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে গোল করেছিলেন ইকুয়েডর পার্ভিস এস্তোপিনান তবে গোলটি জালে যাওয়ার সময় পোরোজ্জো ছিলেন অফসাইড পজিশনে। ফলে সেটি বাতিল হয়। ডাচরা প্রথমার্ধে একটি মাত্র শট নেয় আর তা থেকেই গোলটি পায়। ২০১০-এর পর বিশ্বকাপে এমন ঘটনা এই প্রথম।

প্রথমার্ধের পর স্টিভেন বার্জউইকে তুলে মেম্ফিস ডিপেকে মাঠে নামান ডাচ কোচ লুই ফন গাল। বিরতির পর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই গোল শোধ দেয় ইকুয়েডর। এস্তোপিনান বক্সের বাঁ পাশ দিয়ে শট মারলে সেটি ঝাঁপিয়ে ঠেকান ডাচ গোলকিপার। তবে বল আয়ত্তে নিতে পারেননি। সামনে থাকা ভ্যালেন্সিয়া বল জালে জড়ান। ৫৯ মিনিটে ইকুয়েডরের প্লাতার শট বারে না লাগলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। শেষদিকে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়া।

এই ম্যাচের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। তৃতীয় স্থানে থাকা সেনেগালের পয়েন্ট ৩। ২ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া স্বাগতিক কাতার এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত